চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা :
বাংলাদেশে (Bangladesh) নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামাল (Sufiya Kamal)। প্রগতিশীল সমাজ বিনির্মাণের এই স্বপ্নদ্রষ্টার ১০৯তম জন্মদিন আজ। জননী সাহসিকা হিসেবে খ্যাত কবি বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। এই মহীয়সী নারী সারাজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করেছেন। সাহিত্যচর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন।
মহীয়সী কবির জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করেন। সুফিয়া কামাল ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, পাশাপাশি বাংলার প্রতিটি আন্দোলন, সংগ্রামে ছিল তার আপোসহীন এবং দৃপ্ত পদচারণা। ১৯৪৭ সালে দেশ ভাগের পর সুফিয়া কামাল সপরিবারে কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। বায়ান্নর ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং এই আন্দোলনে বাঙালি নারীদের উদ্বুদ্ধ করেন। পাকিস্তান সরকার ১৯৬১ সালে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করলে তার প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন এবং তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৯ সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন এবং গণঅভ্যুত্থানে অংশ নেন।
১৯৭০ সালে তিনি মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার ধানমন্ডির বাসভবন থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা দেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নারী জাগরণ ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি এক অনবদ্য ভূমিকা পালন করেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ সহ কারফিউ উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেন।সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে তিনি আজন্ম সংগ্রাম করে গেছেন। সাঁঝের মায়া, মন ও জীবন, তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া সোভিয়েতের দিনগুলি এবং একাত্তরের ডায়েরি তার অন্যতম ভ্রমণ ও স্মৃতিগ্রন্থ। কবি সুফিয়া কামাল দেশ ও দেশের বাহিরে সবমিলিয়ে ৫০টিরও বেশি পুরস্কার লাভ করেছেন।
বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক,একুশে পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ও স্বাধীনতা দিবস পদক অন্যতম। বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সহ বাঙালির প্রতিটি প্রগতিশীল সংগ্রামের আলোকবর্তিকা কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার ইচ্ছানুযায়ী ঢাকায় আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news