চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দলের সঙ্গে যেন ক্রমশ দূরত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এখনও পদমর্যাদায় তিনি রাজ্যের পরিবহন, সেচ ও পরিবেশ দপ্তরের মন্ত্রী (Transport Minister)। কিন্তু গত তিনটি মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে যোগ দেননি নন্দীগ্রামের বিধায়ক।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বৈঠক হয়েছিল তাতেও আসেননি তিনি। গত কয়েক মাস ধরেই তাঁর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল। সেই গুঞ্জন আরও বেড়েছে গত ২৩ জুলাই তৃণমূলের (TMC) নতুন রাজ্য কমিটি গঠনের পর।
প্রত্যাশামতো দলে গুরুত্ব না পাওয়াতেই নাকি শিশির অধিকারীর এই পুত্র ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন বলেই সূত্রের খবর।
তৃণমূলের সঙ্গে কৌশলে দূরত্ব বাড়ালেও, এখনও পর্যন্ত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনও শব্দ ব্যয় করেননি শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে চলছে নানা জল্পনা। পরপর তিনটি রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে গরহাজির তিনি। সঙ্গে সদ্যগঠিত দলের সমন্বয় কমিটির বৈঠকেও আসেননি তিনি। যে ২১ জন নেতা-নেত্রীকে নিয়ে তৃণমূলের সমন্বয় কমিটি গঠিত হয়েছে তাদের অন্যতম শুভেন্দু অধিকারী। গত মাসে তৃণমূল ভবনে আয়োজিত দলের সমন্বয় কমিটির বৈঠকে হাজির হননি তমলুকের প্রাক্তন সাংসদ। সে যাত্রায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেছিলেন, “দলকে জানিয়েই শুভেন্দু অধিকারী বৈঠকে যোগ দেননি। অসুবিধা থাকায় তিনি আসেননি। পরবর্তী বৈঠক থেকেই যোগ দেবেন।” এরপর সেই পার্থ চট্টোপাধ্যায়কেই জঙ্গলমহলে আদিবাসী দিবসের অনুষ্ঠানে এড়িয়ে গিয়েছিলেন শুভেন্দু। আর তাতেই গুঞ্জন আরও জোরোলো হয়েছে।
যদিও বুধবার ক্যাবিনেট বৈঠকে না আসতে পারার কারণ প্রসঙ্গে আরও একটি ব্যাখ্যা দিয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শিবির। বড় দাদা ও ভাইপো কাঁথির বাড়িতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণেই নন্দীগ্রামের বিধায়ক ক্যাবিনেট বৈঠকে হাজির হননি বলেই জানিয়েছেন তাঁরা। কিন্তু ২৩ জুলাই নতুন কমিটি ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক এড়িয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলের নজর রয়েছেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কড়া নজর রয়েছে পরিবহণমন্ত্রীর ওপর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news