পার্থসারথি পাণ্ডা :
গত শতকের তিনের দশকে নাৎসি জার্মানি ও ফ্যাসি ইটালি বিশ্বজুড়ে যখন আর-একটা যুদ্ধের জন্য উস্কানিমূলক কাজকর্ম শুরু করল, তখন, ইংল্যান্ডে গড়ে ওঠা ফ্যাসিবিরোধী আন্দোলনের ঢেউ ভারত ভাসিয়ে বাংলার খাত দিয়েও বয়ে গেল। গড়ে উঠল, ‘নিখিল বঙ্গ প্রগতি লেখক সঙ্ঘ’। সালটা, ১৯৩৬। নরেশচন্দ্র সেনগুপ্ত, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, প্রেমেন্দ্র মিত্র, জগদীশ গুপ্ত, সমর সেনের মতো কবি-সাহিত্যিকেরা এই সঙ্ঘে সামিল হলেন। এসময়ই এঁদের সঙ্গে ফ্যাসিবিরোধী আন্দোলনে যোগ দিলেন সমাজতান্ত্রিক ভাবনায় উদ্বুদ্ধ সতের বছরের যুবক, সুভাষ মুখোপাধ্যায়। হাতে হাত রেখে পথে নামলেন, ভিড়লেন জনগনের ভিড়ে, মিছিলে পা মেলালেন। মিছিল থেকে এলো কবিতা। জন্ম নিল, ‘পদাতিক’(১৯৪০)।
এই পর্বের কবিমনকে ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীকালে ‘সুকান্ত সমগ্র’র ভূমিকায় সুভাষ মুখোপাধ্যায় বলছেন, ‘‘কী নিয়ে লিখব’—এটা কখনই আমাদের আলোচনার বিষয় হত না, ‘কেমন করে লিখব’—এই নিয়েই ছিল আমাদের যত মাথাব্যথা।’’ তাই রোম্যান্টিক প্রেম-বিলাসের বিপরীতে নতুন সাম্যবাদী পৃথিবীর স্বপ্নই তাঁর কবিতায় ভাষারূপ পেল। তিনি মানুষকে পথে নামার আহ্বান জানিয়ে মনে করিয়ে দিলেন, ‘প্রিয়, ফুল খেলবার দিন অদ্য’, আজ প্রয়োজন একই পথে একে অপরের সঙ্গী হওয়া—
‘লাল উল্কিতে পরস্পরকে চেনা—
দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে
কমরেড, আজ নবযুগ আনবে না?’
ইতিহাসে যুগে যুগে শেষ পর্যন্ত জনতার জয় হয়, জনতার মনে জোয়ার এলে, আসে দিন বদলের পালা। দেশের পরাধীনতার মাঝে কবির প্রত্যয় জেগেছিল, সমাজতান্ত্রিক বিপ্লবের হাত ধরেই দেশের স্বাধীনতা আসবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে; যেমনটা ঘটেছে ১৯১৭-র রুশ বিপ্লবে, রাশিয়ায়। তাই জনগণকে জাগিয়ে তুলতে হবে, টেনে আনতে হবে চৌকাঠ মাড়িয়ে পথে। কারণ—
‘লাল মেঘ গুহা পাবে না হয়তো খুঁজে
নিজেকে নিখিল মিছিলে মিলাও যদি’।
সেই মিছিলের হাজারো মুখের ভিড়ে তিনি সন্ধান করেছেন বিপ্লবের স্বপ্নমাখা একটি মুখ, অধিকারের দাবিতে ওঠা একটি শানিত হাত। কবি জানতেন, এক থেকেই অযুতের দিকে যাত্রা করে সংগ্রামের পথ—
‘আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন
মিছিলের একটি মুখ।’
কবির সন্ধান থামে না, দিন যায়, সংশয় আসে, সংশয় মাড়িয়ে প্রত্যয় আসে। ‘লাল টুকটুকে দিন’-এ এসে যেন নিজেরই বুকের ভেতরে কবি খুঁজে পেলেন মিছিলের সেই কাঙ্ক্ষিত মুখ—
‘…আমার মিছিলের সেই মুখ!
এ-প্রান্ত থেকে ও-প্রান্ত যাকে খুঁজে
বেলা গেল।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news