চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ঘূর্ণিঝড় আমপানের (Amphan Cyclone Strom) স্মৃতি এখনও টাটকা। বুধবার কালবৈশাখীর ঝড়ে আরও বেড়েছে বঙ্গবাসীর। তারইমধ্যে ফের দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আজ বিকেলে বা সন্ধ্যের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। কলকাতাতেও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় গতকাল সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৪.৪ ডিগ্রী ও ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৩-৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার।
পাশাপাশি আগামী সপ্তাহ থেকে ভারতে বর্ষা ঢুকে পড়বে বলেও আবহাওয়া দফতর জানাচ্ছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা জুড়ে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় তা মালদ্বীপ ও কমোরিন এলাকা অতিক্রম করবে। আগামী ২৪ ঘন্টায় মৌসুমী বায়ু আন্দামান-নিকোবর ছাড়িয়ে যাবে। ১ জুনের মধ্যে শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। এছাড়া আবহাওয়াবিদদের অনুমান, দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যার টানেই বর্ষা ঢুকে পড়বে মূল ভারতের ভূখণ্ড কেরলে। তবে ১ জুন ভারত ভূখণ্ডে বর্ষা ঢোকার এটাই নির্ধারিত সময় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news