নিজস্ব সংবাদদাতা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেলে ইচ্ছেয় হোক, অনিচ্ছেয় হোক বিনোদন শিল্পীরা তাঁর সভায়, মঞ্চে উপস্থিত থাকেন, তাঁর প্রচারে অংশ নেন। তাঁর চারপাশের বিনোদন বলয়ের মধ্যে শুধু অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকারাই নন, সিরিয়াল-ছায়াছবির পরিচালক-প্রযোজকেরাও রয়েছেন। এঁদের মধ্যে কয়েকজন তাঁর বেশ ঘনিষ্ঠ এবং ছায়াসঙ্গীও। তাই আজ যখন অভিনেতা-অভিনেত্রী বনাম প্রযোজকের বিরোধের ফলে টালিগঞ্জের টেলি-জগতে একটা অনির্দিষ্টকালের জন্য অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তখন অনেকেই প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ এই দুই পক্ষের মাঝখানের জট কাটাতে এগিয়ে আসছেন না কেন? কেন তিনি নিরাপদ অবস্থানে স্পিকটি-নট হয়ে রয়েছেন? এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলতে চাইছেন যে, এঁরা তো সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাননি, তাহলে মুখ্যমন্ত্রী আগ বাড়িয়ে এগিয়ে আসবেন কেন? এর বিরুদ্ধ জবাবও আছে। মুখ্যমন্ত্রী কোন বিষয়ে আগ্রহী হলে তো আবেদন-নিবেদনের পরোয়া করেন না, নিজেই ছুটে গিয়ে বা নির্দেশ দিয়ে পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিয়ে নেন। এক্ষেত্রে কেন করছেন না?
কোনও সূত্র থেকেই এখনও অব্দি প্রযোজক বনাম শিল্পীদের যে চাপান-উতোর চলছে, তা থেকে বেরোবার কোন খবর নেই। বাইরে থেকে যদিও সেই চাপান-উতোরের গনগনে তাপ বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে ভেতরে চলছে দুরন্ত স্নায়ুর লড়াই। আজ চারদিনে পড়ল বিনোদন শিল্পীদের ধর্মঘট ও মেগা-শিল্পের অচলাবস্থা। সমস্ত চ্যানেলে মেগা সিরিয়ালের রিপিট টেলিকাস্ট চলছে, যে সব প্রযোজকের হাতে কয়েকটি এপিসোডের ব্যাঙ্কিং আছে, তাঁরাও এই অনিশ্চিত পরিস্থিতিতে ব্যাঙ্কিং না খুইয়ে নতুন এপিসোডের টেলিকাস্ট না করিয়ে পুরনো এপিসোডই চালিয়ে যাচ্ছেন। কবে এই জট খুলবে তারও কোন ইঙ্গিত নেই। তাহলে এই অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী এগিয়ে আসছেন না কেন? একমাত্র প্রযোজকেরা ছাড়া নাম-না-প্রকাশ করার শর্তে সিরিয়াল ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বেশিরভাগ কলাকুশলীই স্বীকার করেছেন যে, শিল্পীদের ঠিক সময়ে মাইনে আর দশ ঘন্টা-সীমিত কাজের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। মুখ্যমন্ত্রী চাইলে তাঁর একটা কথাতেই শিল্পীরা তাঁদের এই ন্যায্য দাবি আদায় করতে পারেন, তাঁর কথার ওপর কথা বলার ক্ষমতা প্রযোজকদের নেই, এমনকি চ্যানেলও তাঁর কথার ওপর কথা বলার সাহস রাখে না। তাহলে এক্ষেত্রে তিনি এটা করতে চাইছেন না কেন? রাজনৈতিকভাবে পক্ষ বিশেষের হয়ে কথা বলে কারও বিরাগভাজন না-হবার জন্যই কি তিনি স্পিকটি নট? এখানে রাজনৈতিক কোন বিশেষ ফায়দা তোলার সুবিধেজনক স্কোপ নেই বলেই কি তিনি এতটা উদাসীন? তেমন স্কোপ থাকলে তো তিনি আগেপরে ভেবে কারও তোয়াক্কা করেন না?—এসব বাঁকা প্রশ্নমালা ইতিমধ্যেই টালিপাড়ার চাপা হাওয়ায় শুরু করেছে ফিস ফিস করে উড়তে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news