নিজস্ব সংবাদদাতা।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বিজ্ঞাপন দিয়ে আদালতে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বা নাগরিক পঞ্জি (NRC) এই রাজ্যে কার্যকর হবে না বলে যে বিজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে তার ওপরে অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। সোমবার আইনজীবী সরজিৎ রায়চৌধুরীর দায়ের করা এই মামলার শুনানি হয়। শুনানির পর হাইকোর্টের জানায়, নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে যে বিজ্ঞাপন রাজ্য সরকার দিচ্ছে তা আইনত দেওয়া যায় না। তাই এই বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই বিজ্ঞাপন প্রচার করতে পারবে না রাজ্য সরকার।
সংসদে সিএবি পাশ হওয়ার পর রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন চ্যানেলে। ওই বিজ্ঞাপনে দেখা যায় রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা রয়েছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জনতার উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যে, পশ্চিমবঙ্গে এনআরসি এবং ক্যা লাগু হবে না। তারপরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
শুনানির পর মামলাকারী আইনজীবীর দাবি করেন, “এই বিজ্ঞাপন সংসদীয় রাজনীতিতে একটি নির্বাচিত সরকার দিতে পারে না। এটি অন্যায়।” আদালত জানিয়েছে, এই বিষয়ে শুনানি চলবে। তারপরে রায় ঘোষণা হবে। কিন্তু ততদিন পর্যন্ত এই বিজ্ঞাপন প্রচার করা যাবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news