প্রসেনজিৎ মাহাতো:
বুধবার থাইল্যান্ডের বুরিরামে কিংস কাপের প্রথম ম্যাচে কুরাসাওয়ের মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল। স্টিফেনের জায়গায় চিফ কোচের দায়িত্ব নেওয়া ক্রোয়েশিয়ান বিশ্বকাপার ইগর স্টিম্যাকের এটাই প্রথম পরীক্ষা। স্টিম্যাক ও ভারতীয় দলের এক নম্বর স্ট্রাইকার সুনীল জয় দিয়ে শুরু করতে চান কিংস কাপে। কুরাসাওয়ের বিরুদ্ধে খেলার আগে রীতিমতো চনমনে মেজাজে রয়েছেন ভারতীয় ফুটবলাররা। ক্যারিবিয়ান এই দলটিতে ইউরোপের প্রিমিয়ার ডিভিশনে খেলা অনেক ফুটবলার রয়েছেন। ফিফা ক্রমতালিকাতেও কুরাসাও (৮২) এগিয়ে ভারতের (১০১) থেকে। তবু সুনীল, সন্দেশ, প্রণয়, গুরপ্রীতরা ঘাবড়াচ্ছেন না। বরং তাঁরা সমানে সমানে লড়ে যেতে তৈরি। ফুটবলারদের মধ্যে সেই উত্তেজনা বেশ অনুভব করছেন ভারতের কোচ স্টিম্যাক। বলেন, ‘ফুটবলারদের মুখ–চোখ দেখলেই বুঝতে পারছি, ওরা ম্যাচটা নিয়ে ভেতরে ভেতরে খুব উত্তেজিত। একসঙ্গে অনেকদিন পর খেলার একটা আনন্দ অনুভব করছে। গত ১০ দিনে যে পরিশ্রম করেছে খেলার প্রস্তুতিতে, তার প্রতিফলন মাঠে দেখা যাবে এই বিশ্বাস আছে। কুরাসাও শক্তিশালী দল। ফুটবলারদের ওপর বাড়তি চাপ দিচ্ছি না। যত তাড়াতাড়ি নতুন সিস্টেমের সঙ্গে মানাতে পারবে, তত লাভ।’ সেরা দিতে মুখিয়ে আছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সুনীল। তাঁর প্রতিক্রিয়া, ‘দলের ফুটবলারদের মধ্যে সেরা দেওয়ার তাগিদটা রয়েছে। পরস্পরের উন্নতিতে খাটছে। বোঝাপড়াও চমৎকার জায়গায়। দলে যারা নতুন তাদের মধ্যে উত্তেজনা আরও বেশি। একদিন আমার যখন অভিষেক ঘটেছিল জাতীয় দলে, তখন আমারও এমন অনুভূতি হয়েছিল।’ কুরাসাওয়ের বিরুদ্ধে মাঠে নামলে ১০৮ ম্যাচ খেলার জন্য দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলবেন সুনীল। সেটা নিয়ে একেবারেই ভাবছেন না। তাঁর বক্তব্য, ‘কাল ম্যাচে টিম হিসেবে কেমন খেললাম সেটাই বড় কথা। ফলাফল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। লক্ষ্য একটাই জেতা। সেটা করতে হলে কোচের শেখানো সিস্টেম ও কৌশল মতো সেরাটা মাঠে দিতে হবে। চাইব, খেলার শেষে কোচকে যেন খুশি করতে পারি আমরা।’ সুনীলের ওপর ভরসা রাখছেন স্টিম্যাকও। বলেন, ‘সুনীলের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে সতীর্থরা সুনীলের এই ম্যাচটা স্মরণীয় করে রাখতে জান লড়িয়ে দেবে মাঠে।’ অন্যদিকে, কাগজে কলমে শক্তির বিচারে এগিয়ে থাকলেও ভারতীয় দলকে হালকাভাবে নিচ্ছেন না কুরাসাওয়ের কোচ রেমকো বিসেনটিনি। বলেন, ‘নতুন কোচের তত্ত্বাবধানে ভারতীয় দল উজ্জীবিত ফুটবল খেললে অবাক হওয়ার কিছু নেই। দলে সুনীল, সন্দেশ ছাড়াও একঝাঁক ভাল ফুটবলার আছে। তাই কড়া চ্যালেঞ্জের আশা রাখছি। আমাদের কাছে কিংস কাপের দুটো ম্যাচ গোল্ড কাপের প্রস্তুতি। নিয়মিত অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি যারা কম সুযোগ পায়, তাদের খেলিয়ে দেখে নেওয়ার ইচ্ছা আছে। ২০১৮টা আমাদের ভাল গেছে। নেশনস কাপে অনেক গোল করেছি। হেরেছি মাত্র এক ম্যাচ। তবে এখানে ভারতের বিরুদ্ধে এক গোল বেশি করতে পারলেই খুশি।’ বুরিরামের চ্যাং এরিনায় ভারতীয় সময় দুপুর ২টোয় ম্যাচ শুরু। সুনীলদের উৎসাহ দিতে সেখানে হাজির ভারতীয় সমর্থকরা। এটাই সুনীলদের বাড়তি প্রেরণা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news