দেবক বন্দ্যোপাধ্যায়
:
একুশে জুলাইয়ের জনসভার হোর্ডিং-ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি থাকে। প্রথম থেকে দলে এটাই দস্তুর। এই বছর প্রথম সেই নিয়মের অন্যথা হচ্ছে। মমতার ছবি সম্বলিত হোর্ডিংয়ের পাশাপাশি রাজ্য জুড়ে শোভা পাচ্ছে আরও একটি হোর্ডিং। যেখানে অভিষেকের ছবিও জ্বলজ্বল করছে তাঁর ‘পিসির’ পাশেই।
তৃণমূল কংগ্রেসের ইতিহাসে এমন নজির নেই। একথা ঠিক একুশে জুলাইয়ের অনুষ্ঠান আদতে তৃণমূল যুব কংগ্রেসেরই অনুষ্ঠান। তবে মদন মিত্র বা শুভেন্দু অধিকারি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তখন তাঁরা ভাবতেও পারেননি যে এমনটা হতে পারে।
এমনিতে এই সভায় দলীয় কর্মীরা দলনেত্রীর বক্তব্য শুনতেই আসেন। আগামী এক বছর দলের লাইন কী হবে তাঁরা জানতে পারেন নেত্রীর বক্তৃতা শুনে। প্রতি বছর মমতা সামনের একবছরের কাজের রুপরেখা ঠিক করে দেন এই সভা থেকে। দলের জন্য নতুন স্লোগানও তৈরি করে দেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে এটাই হয়ে আসছে।
তবে কী ‘ভাইপো’ কোটায় এবার শিকেয় উঠবে নিয়মকানুন! মমতার কঠোর অনুশাসন কী কোমল হয়ে যাবে ‘ভাইপোর’ বেলায়! এভাবেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন দলের নানা স্তরের নেতা-কর্মীরা।

দলের তরফ থেকে যেসব হোর্ডিং-ব্যানার-ফেস্টুন জেলায় জেলায় পাঠানো হয়েছে সেই সব হোর্ডিং-ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি দেওয়া হয়েছে। এর পাশাপাশি শহরে ছড়িয়ে দেওয়া হয়েছে আর একটি হোর্ডিং। যেখানে মমতার ছবির পাশে রয়েছে অভিষেকেরও ছবি। কারা ছড়াল এই হোর্ডিং? অভিষেকের ঘনিষ্ঠরা? অভিষেকের সম্মতি না থাকলে তাঁরা এই কাজ করেন কী করে! এই কাজটি আসলে দলের মধ্যে মমতার কতৃত্বকে চ্যালেঞ্জ করার সামিল। যদি অভিষেকের সম্মতি ছাড়া হয়ে থাকে, তাহলে উনি এখনও পর্যন্ত সেগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেননি কেন? এই ধরনের আলোচনা এখন তৃণমূলের সর্বস্তরে।
শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরক্ত। তবে বিরক্তির কোনও বহিঃপ্রকাশ এখনও পর্যন্ত দেখা যায়নি।
কয়েক বছর আগে আর একটি একুশে জুলাইয়ের সভায় মমতা বলেছিলেন, দলের মধ্যে উপনেতা তিনি বরদাস্ত করবেন না। তখনও সোমেন মিত্র তৃণমূলে। মমতার ইঙ্গিত কার দিকে ছিল সেদিন? সোমেন, মুকুল না শুভেন্দু? সেদিন এটি ছিল সাংবাদিকদের চর্চার বিষয়।
আজ মমতার ঘরের মধ্যে থেকেই উপনেতা উঠে আসছে নাতো! মমতাকে কী চ্যালেঞ্জ করছেন অভিষেক?
একুশে জুলাইয়ের আগে এই প্রশ্ন ঘুরছে দলের ভিতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news