মধুকল্পিতা চৌধুরী
:
এবার রাজ্যের বিসর্জন বিতর্কে ঢুকে পড়ল কংগ্রেস। তবে রাজ্য কংগ্রেস নয়, বরং বলা ভাল পুজো বিতর্কে পা রাখল খোদ ১০ জনপথ। রবিবার, রাহুলের প্রাক্তন ব্যক্তিগত সচিব কণিষ্ক সিংহ একটি খবরের লিঙ্ক হোয়াটসঅ্যাপ করে পাঠান চ্যানেল হিন্দুস্তানের ডিরেক্টর ও মুখ্য সম্পাদক দেবক বন্দ্যোপাধ্যায়কে। ন্যাশনাল হেরাল্ডের একটি খবর, যেখানে দাবি করা হয়েছে, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত এই সংবাদ পত্রের কাছে এমন কিছু তথ্য এসেছে যা থেকে তাঁরা বুঝতে পারছেন, দুর্গা পুজোর সময় রাজ্যের অনেকগুলি জায়গাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে রাজ্যের হিন্দু মনোভাবাপন্ন সংগঠনগুলি। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ ও হিন্দু সংহতির অন্তর্বিরোধের ফলেই এমন খবর বাইরে এসেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। একাদশীর দিনে মহরমের তাজিয়া ও বিসর্জন এক সঙ্গে হলে সেখানেও গোলমাল বাঁধানোর পরিকল্পনা রয়েছে হিন্দু সংগঠনগুলির। এমন উল্লেখও রয়েছে প্রতিবেদনে।
রাহুল গান্ধি ইতিমধ্যেই আমেরিকায় গিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এবার তাঁর পারিবারিক সংবাদ মাধ্যম ন্যাশনাল হেরাল্ডেও পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করা হল। কণিষ্ক, তাঁর এক সময়ের ব্যক্তিগত সচিব ও বন্ধু যখন রাজ্যে তাঁর পরিচিতদের কাছে এই লিঙ্কটি পাঠাচ্ছেন এবং এটি ছড়িয়ে দেওয়ার অনুরোধও করছেন, তখন এই ব্যাপারে রাহুলের সায় থাকলেও থাকতে পারে বলে ধরে নেওয়া যায়।
যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন বলেছেন, “আমার কাছে এমন কোনও খবর নেই, যে কেউ বা কারা এখানে সাম্প্রদায়িক গোলমাল লাগাতে চাইছে। গোয়েন্দাদের কাছে আছে বলেও জানা নেই। এসব যারা বলছে তাদের জিজ্ঞাসা করুন।” সঙ্ঘের পুর্বাঞ্চলীয় নেতা জিষ্ণু বসু বলেন, “শুধুমাত্র রাজনীতির জন্য এই ধরণের প্রচার যে একটি রাজ্যের সাম্প্রদায়িক পরিবেশের জন্য কতটা খারাপ, তা যদি রাহুল গান্ধির মত নেতারা বুঝতেন তাহলে ভাল হত!”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news