সূর্য সরকার।
কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে ফোন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন বিধানসভায় ‘চেয়ারম্যান’ শোভনের অনুপস্থিতির জেরে হচ্ছে না মৎস দফতরের স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই অনুপস্থিতির ‘কারণ’ জানতেই অধ্যক্ষ, শোভনকে ফোন করেছিলেন বলে খবর। আগামী সপ্তাহে শোভনকে তাঁর সঙ্গে দেখা করার ‘নির্দেশ’ দিয়েছেন বিমান। শোভনও যাবেন বলে সম্মতি জানিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, গত ২২ নভেম্বর কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তার আগে একে একে সব মন্ত্রিত্বও ছাড়েন তিনি। আপাতত বেহালা পূর্বের বিধায়ক এবং তৃণমূল কাউন্সিলার হিসেবেই রয়েছেন তিনি। বিধানসভার নিয়ম অনুসারে , কোনও মন্ত্রী স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পারে না। তাই মন্ত্রিত্ব যাওয়ার কয়েক সপ্তাহ পর বিধায়ক হিসেবে মৎস দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তারপর একটা-দুটো বৈঠকে এলেও তিনি বর্তমানে অনিয়মিত হয়ে পড়েছেন।
চেয়ারম্যান না থাকার কারণে মাসের পর মাস ধরে কমিটির বৈঠক করা সম্ভব হচ্ছিল না। কোনও কাজ এগোচ্ছে না বলে স্পিকারের কাছে অভিযোগ করেন বিধায়করা। এ প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন , ” শোভন চট্টোপাধ্যায় মৎস দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। কিন্তু দিনের পর দিন অনুপস্থিত থাকছেন। সেটা জানার জন্যই ওকে ফোন করেছিলাম। আগামী সপ্তাহে দেখা করতে বলেছি । ও আসবে বলেছে ।”
এবার তাহলে কি এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে যেতে চাইছেন ‘দিদির’ একসময়ের সাধের কানন? তাই অধ্যক্ষের কাছে এসে পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করবেন শোভন, জল্পনা দানা বেঁধেছে। রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news