নীল রায়।
শোভন চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করবে না তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শোভন প্রসঙ্গে যা বলার রত্না চট্টোপাধ্যায় বলবেন। শোভন-বৈশাখী পর্বে বার বার মুখে আক্রমণাত্মক হয়েছেন শোভন জায়া। সূত্রের খবর, বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ই দলকে শোভন চট্টোপাধ্যায়কে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সঙ্গে শোভনের মোকাবিলায় তাঁর স্ত্রীকে ময়দানে নামানোর কথা বলছেন। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শোভন চট্টোপাধ্যায়কে দলে ধরে রাখতে চেয়ে মরিয়া চেষ্টা চালিয়েছেন তৃণমূল মহাসচিব। কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়ে দিদির স্নেহের কানন এখন বিজেপিতে। দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের প্রভাব তৃণমূলের কারও অজানা নয়। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল বিধায়ক হয়ে বিজেপিতে যোগ দিলেও, শোভনের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না? এমন প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। কারণ, এর আগে সুনীল সিং, শুভ্রাংশু রায়, উইলসন চম্পামারি, মনিরুল ইসলাম, বিশ্বজিৎ দাস তৃণমূল বিধায়ক হয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ছয় বছরের জন্য সাসপেন্ড হয়েছেন দল থেকে। তার আগে মুকুল রায়, সৌমিত্র খাঁ ও অনুপম হাজরার ক্ষেত্রেও একই পথে হেঁটেছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু শোভনের ক্ষেত্রে কেন এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত? তা নিয়ে জল্পনা চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news