নীল রায়। বিজেপিতে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় যোগদান চূড়ান্ত হয়ে গিয়েছে। দিল্লি সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই তিনি দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিসে গিয়ে গেরুয়া উত্তরীয় গলায় পড়বেন। সম্প্রতি তিনি তাঁর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে দিল্লি গিয়ে এ ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা সেরে এদিন রাতে কলকাতায় ফিরে এসেছেন । এক বিজেপি নেতার কথায়, কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। সময়মতো শোভন দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন। তাঁর সঙ্গে অবশ্য তেমন কোনও হেভিওয়েট বিধায়ক বা কাউন্সিলর বিজেপি শিবিরে যোগ দিচ্ছে না বলেই জানা গিয়েছে। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শোভনকে দলে নিয়ে আসলে মমতার অন্দরমহলে আঘাত হানতে চাইছে বিজেপি। কারণ তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে বছর দেড়েক আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্নেহধন্যদের মধ্যে ছিলেন শোভন। দিদির সঙ্গে ভাই কাননের সম্পর্ক ছিল তৃণমূলের ঘরোয়া রাজনীতিতে ঈর্ষার বিষয়। কিন্তু কালের পাকচক্রে দিদি-কাননের দূরত্ব এসেছে। গত বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা তথা কলকাতার মেয়র পদে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি তৃণমূলের প্রতীকে বেহালা পূর্ব থেকে জয়ী বিধায়ক। আবার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বটে। কিন্তু নিজের ব্যক্তিগত সমস্যার জন্য এই দুটি কেন্দ্রে থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন একেবারে সচেতনভাবে। ঝানু রাজনীতিক শোভন গত ৬-৮ মাসের বেশি সময় ধরে চুপচাপ রয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা ছিল বিশাল কোন চমক দিয়ে আবারও বাংলার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে শোভনের। জল্পনা মাফিক আগামী কয়েকদিনের মধ্যে গেরুয়া শিবিরে দেখা যেতে পারে তাঁকে। আগামী ৭ জুলাই শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন। শোভনের ঘনিষ্ঠ মহলের মতে, ওই দিনই শোভনের রাজনৈতিক পুনর্জন্ম হতে পারে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news