নীল রায়।
শোভন চট্টোপাধ্যায় দলছাড়ার পর এই প্রথম প্রতিক্রিয়া জানাল তৃণমূল নেতৃত্ব। বুধবার বিধানসভায় নিজের ঘরে বসে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় শোভনের দলত্যাগ ও তাঁর সাম্প্রতিক বয়ান প্রসঙ্গে। জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অন্যান্য দল থেকে বিধায়কদের যেমন জিজ্ঞাসা করা হয়। তেমনি শোভনের কাছে জানতে চাওয়া হবে।” সঙ্গে তিনি আরও বলেন, “শোভন চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হয়নি। আমি চলে গেলেও কোন ক্ষতি হবে না।” প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে ৬ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। আগে বিজেপিতে যোগ দেওয়া ৫ বিধায়ককে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলেও, শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ার এক সপ্তাহ পরেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূল নেতৃত্ব।
রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন, মুকুল-শোভন-অর্জুন সিংহদের পথে তৃণমূলের ভাঙন তরান্বিত হবে। এমন সম্ভাবনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “যতদিন মমতা সক্রিয় থাকবেন, ততদিন কে এল বা গেল তাতে কিছু আসে যায় না। সবই লতায়-পাতায় মমতাকে জড়িয়ে”। প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শোভন সুস্থ থাকুক এটাই চাই। চেষ্টা করেছি বিধায়ক হিসেবে ওঁকে ধরে রাখার। উনি ভালো বুঝেছেন তাই চলে গিয়েছেন।”
শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূলে ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে। সম্প্রতি বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কে বাড়িতে যান পার্থ। ঘন্টা তিনেক বৈঠক করে শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে সম্মানজনক পদ দেওয়ার প্রস্তাবও দেন। কিন্তু, সেই প্রস্তাব ফিরিয়ে গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বান্ধবী বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দেন শোভন। ওইদিনই বেহালায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শোভন জায়া রত্নাকে দলের কাজ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এতদিন চুপ ছিলেন তৃণমূল নেতারা। তবে শোভন পত্নী রত্না লাগাতার ঝাঁঝালো আক্রমণ করেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। গত রবিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে শোভন চট্টোপাধ্যায় প্রকাশ্যেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তা সত্ত্বেও জবাব দেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু, এদিন একটু হলেও পাল্টা জবাব দেওয়া শুরু করলেন তৃণমূল মহাসচিব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news