ওয়েব ডেস্ক:
বীরভূমের লাভপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা। ধৃতের নাম জালাল শেখ। পুলিশ সূত্রে খবর, বহরমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবারই অভিযুক্তকে বোলপুর আদালতে পেশ করা হবে বলেও খবর। পুলিশ এইসঙ্গে জালাল শেখের গাড়িচালককেও গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, লাভপুরের দ্বারকা পঞ্চায়েতের মিরবাঁধ গ্রামের বিজেপি নেতা ডালু শেখকে বোমা মেরে খুনের ঘটনা ঘটে। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা অভিযোগ করেন, এই খুনের পেছনে রয়েছে তৃণমূল। যথারীতি অভিযোগ অস্বীকার করছিল তৃণমূল।
উল্লেখ্য, ডালু শেখ বিধায়ক মনিরুল ইসলামের ঘনিষ্ঠ বিজেপি নেতা বলে এলাকায় পরিচিত ছিলেন। লাভপুরের দ্বারকা পঞ্চায়েতের মিরবাঁধ গ্রামের বাসিন্দা তিনি। মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, গত রবিবার রাত ন’টা নাগাদ ডালু শেখকে লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। বোমার আঘাতেই মৃত্যু হয় বিজেপি নেতার।
এরপর মৃতের পরিবারের তরফে বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতে জালাল শেখেরও নাম ছিল। এদিন পুলিশ দাবি করে, মূল চক্রী জালাল শেখ।
লাভপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় এতদিন কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। এরপর সরিয়ে দেওয়া হয় রামপুরহাট থানার ওসি চয়ন ঘোষকে। তাঁর বদলে নতুন ওসি হন পার্থসারথী মুখোপাধ্যায়। এরপরই গ্রেফতার হল অভিযুক্ত তৃণমূলনেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news