ওয়েব ডেস্ক:
বিশ্বকাপ সেমি ফাইনালের চূড়ান্ত ব্যর্থতার পর এমনিতেই ডামাডোল ভারতীয় ক্রিকেটে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণায় অনেকই অবাক। এবার নির্বাচকদের দিকে প্রশ্ন ছুঁড়লেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজে শুভমান গিল ও অজিঙ্কা রাহানের জায়গা না হওয়ায় বেজায় অবাক হয়েছেন তিনি। দল নির্বাচন দেখে সৌরভের মন্তব্য, টিম ইন্ডিয়ার কয়েকজন মাত্র ক্রিকেটার সব ঘরানার ক্রিকেটে অংশ নেয়। সৌরভের মতে, সেরা ক্রিকেটারদের সব ঘরানায় খেলার সুযোগ করে দেওয়া উচিত। যাতে ক্রিকেটাররা নিজেদের তৈরি করার সুযোগ পায়।
এইসঙ্গে প্রিন্স অব কলকাতার স্পষ্ট মত, শুভমান গিল ও অজিঙ্কা রাহানেকে একদিনের দলে সুযোগ দেওয়া উচিত ছিল। সৌরভ বলেছেন, ‘দলে এমন কয়েকজন রয়েছে যারা তিন ঘরানার ক্রিকেটেই খেলতে পারে। শুভমান গিল ও অজিঙ্কা রাহানেকে একদিনের দলে না দেখে অবাক হয়েছি।’ সৌরভের সংযোজন, ‘নির্বাচকদের উচিত তিন ঘরানার ক্রিকেটের জন্যই একটা দল তৈরি করা। এতে ক্রিকেটারদের আত্মবিশ্বাস তৈরি হয়। টিম ইন্ডিয়ার এই দলে মাত্র কয়েকজন রয়েছে যারা তিন ঘরানার ক্রিকেটেই খেলে। সেরা দলে ধারাবাহিক ক্রিকেটারের সংখ্যা বেশি থাকে। সবাইকে খুশি করা সম্ভব নয়। তবে সবদিক বিচার করে সেরা দলটাই বাছা উচিত।’
এদিকে তরুণ প্রতিভা শুভমান নিজেও আশা করেছিলেন ক্যারিবিয়ান সফরের কোনও একটি দলে তাঁর জায়গা হবে, তবে তিনি হতাশ নন। জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তবে প্রশ্ন উঠছে, যারা সুযোগ পেয়েছেন, সেই ময়াঙ্ক অগরবাল ও মনিশ পান্ডে সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে শুভমানের থেকে অনেকটাই পিছিয়ে থেকেও কী করে জায়গা পেলেন, কেন শুভমানের জায়গা হল না?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news