ওয়েব ডেস্ক:
বানভাসি মুম্বাই। মঙ্গলবার রাত ১ টা থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বানিজ্য নগরী। জলের তলায় বহু এলাকা। অনেক ক্ষেত্রে জল উঠে গিয়েছে রেলওয়ে ট্র্যাকের ওপর। ফলে ব্যাহত ট্রেন চলাচল। বেশ কিছু রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এদিকে প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় আন্ধেরি উড়ালপুলে ঘটে গিয়েছে মারাত্মক দুর্ঘটনা। তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। থই থই জলের গ্রাসে হিন্দমাতা, গাঁধী মার্কেট, আন্ধেরির মতো এলাকা। বেশ কিছু স্কুলভবনে জল ঢুকে পড়ায় ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গতকালই ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বই শহরে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন।

উল্লেখ্য, জুলাই-এর শুরুতেই অতি বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়েছিল মুম্বই। সেবার মালাডে পাঁচিল ভেঙে মৃত্যু হয় কমপক্ষে ২৬ জনের। রেড অ্যালার্ট জারি করে ছুটি ঘোষণা করে মহারাষ্ট্র সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news