চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন প্রাক্তন বিচারপতি অমিতাভ লালা (Amitabha Lala)। সোমবার রাত ১০টা ৫০ মিনিটে মারা যান তিনি। তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন, পারিবারিক বন্ধু তথা আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। গত কয়েক মাস যাবৎ নিমোনাইটিস রোগে ভুগছিলেন তিনি। যেই কারণে তাঁকে বাইপাসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, এবার আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না তাঁর। এদিন রাতে মারা গেলেন তিনি। প্রয়াত বিচারপতির বয়স হয়েছিল ৭০ বছর। নিজের কর্মজীবনে এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস (Allahabad High Court Chief Justice) হয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের জাস্টিস ছিলেন বিচারপতি লালা। অবসর গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে বামফ্রন্ট জমানায় ঘটে যাওয়া নারকীয় আনন্দ মার্গী গণহত্যার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব পালন করে নবান্নে স্বরাষ্ট্র দফতরে কমিশনের রিপোর্ট জমা পড়েছে যথা সময়ে। কিন্তু, সেই রিপোর্ট নিয়ে সরকারি পদক্ষেপের আগেই চলে গেলেন বিচারপতি লালা।
কলকাতা হাইকোর্টের জাস্টিস থাকাকালীন একদিন সকালে হাইকোর্ট যাওয়ার পথে সিপিএমের মিছিলে আটকে পড়েন তিনি। কোর্টে পৌঁছাতে বেশ দেরি হয় তাঁর। ওইদিনই আদালতের শুনানিতে বিচারপতি লালা দিনের কর্মচঞ্চল সময়ে রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ করার কথা বলেন। রাজনৈতিক যাবতীয় কর্মসূচি সন্ধ্যায় করার কথাও বলেছিলেন তিনি। কিন্তু, বিচারপতির এমন মন্তব্যে ক্ষেপে যায় আলিমুদ্দিন স্ট্রিটের পক্ককেশী কমরেডরা। ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা সিপিএম নেতারা আক্রমণ করেন বিচারপতি অমিতাভ লালাকে। ক্ষমতাসীন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, “ওরে লালা, তুই বাংলা ছেড়ে পালা!” বিমান বসু্র সেই মন্তব্যের পর বিস্তার সমালোচনা হলেও তাতে পাত্তা দেয়নি সিপিএম। সেই অমিতাভ লালা ই চলে গেলেন এদিন। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের আইনমহলে শোকের ছায়া নেমে এসেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news