চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের খরচ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ তাঁর মন্ত্রিসভার সকল সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমলাদের বিদেশ সফর স্থগিত করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে দেওয়া এই চিঠিতে বেশকিছু পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি বলেছেন, “খরচ বাঁচাতে সাংসদদের তিরিশ শতাংশ বেতন কেটে নেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। এই সংকটের পরিস্থিতিতে মিতব্যয়ী হওয়াটাই দস্তর। আমি আপনাকে আরও পাঁচটি গঠনমূলক সুনির্দিষ্ট পরামর্শ দিতে চাই।”
কংগ্রেস সভানেত্রীর পরামর্শ, দু’বছরের জন্য সমস্ত সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হোক। সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন মাধ্যমে সরকার বছরে গড়ে ১২৫০ কোটি টাকা খরচ করে। তা বন্ধ করে খরচ বাঁচানো হোক। শুধুমাত্র জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বা কোভিড সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। পাশাপাশি, সংসদ ভবন ও কেন্দ্রীয় সচিবালয়ের সংস্কারের জন্য সরকার ২০ হাজার কোটি টাকা খরচ করার যে পরিকল্পনা করেছে, তা এখনই বাতিল করা হোক।
সোনিয়া গাঁধীর আরও পরামর্শ, সরকারের খরচ তথা বেতন, পেনশন ও কেন্দ্রীয় প্রকল্প খাতে খরচ বাদ দিয়ে যে এক্সপেন্ডিচার বাজেট রয়েছে, তা তিরিশ শতাংশ কমানো হোক। ওই টাকা পরিযায়ী শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের মজুর, কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আর্থিক সুরক্ষা খাতে খরচ করা হোক। সঙ্গে তিনি অনুরোধ করেছেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যে তহবিল গড়েছেন। তাতে আগত অর্থ যেন শুধুমাত্র করোনা পরিস্থিতি মোকাবিলায় খরচ করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news