চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“করোনা ভাইরাসের সঙ্কটজনক মুহূর্তেও বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।” এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। বৃহস্পতিবার এআইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। বৈঠক শেষে তিনি বলেন, “আমরা প্রত্যেকে ভারতীয়। যখন আমাদের একজোট হয়ে করোনাভাইরাস মোকাবিলা করা উচিত, বিজেপি তখন সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়াচ্ছে। সামাজিক সম্প্রীতিতে বিস্তর ক্ষতি হয়ে গিয়েছে। এই ক্ষতি মেটাতে আমাদের দল কঠোর পরিশ্রম করবে।”
তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছি যে পরীক্ষা, ট্রেসিং এবং আইসোলেশনের বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে, এ দেশে পরীক্ষার সংখ্যা এখনও অনেক কম।” সনিয়া আরও বলেন, “লকডাউনের প্রথম পর্যায়ে ১২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। অর্থনৈতিক কাজকর্ম এভাবে বন্ধ থাকলে অবস্থা আরও শোচনীয় হবে আগামীতে।”
কংগ্রেস সভানেত্রী বলেন, “ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, স্বাস্থ্যকর্মী, স্যানিটেশন কর্মী এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারী, এনজিও এবং লক্ষ লক্ষ নাগরিক সমগ্র ভারতে ত্রাণ বিলি করছেন। তাঁদের উৎসর্গ এবং দৃঢ়সংকল্প সত্যিই আমাদের সকলকে অনুপ্রাণিত করে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news