মূল হিন্দি রচনা : শরদ জোশী
অনুবাদ : পার্থসারথি পাণ্ডা
ধান্দাবাজ খেঁকশেয়ালটা ঘুরতে ঘুরতে একটা গাছের নীচে হাজির হল। দেখল, ওপরের ডালে অলরেডি একটা কাক মুখে রুটির টুকরো চেপে বসে আছে। খেঁকশেয়াল ভাবলো, কাকটা একবার ভুল করেও যদি মুখ খোলে তাহলে রুটির টুকরোটা নীচে পড়ে যাবে এবং আমি খেয়ে নেব।
যেমন ভাবা তেমন কাজ। অমনি খেঁকশেয়াল কাককে বলল, ভাই কাক! তুমি তো লাগামছাড়া লোক, তোমার মেধা, তোমার সুচিন্তিত মক্তব্য, তুখোড় যুক্তির কথা তো সবাই জানে এবং মানে। মার্কসবাদ সম্পর্কে তোমার জ্ঞানও গভীর! বর্তমান পরিস্থিতিতে একজন বুদ্ধিজীবীর দায়িত্ব সম্পর্কে তুমি কি ভাবছ, সেটা জানতে পারলে আমার খুব ভালো লাগবে। এমনিতে তুমি তো বেশ উঁচুতেই বসে আছ, এখান থেকে ভাষণ দিয়ে পথ দেখানো তোমাকেই মানায়। বলো হে কাক…বলো!
ইমারজেন্সির সময়। ফলে, ইতোমধ্যেই কাক খুব হুঁশিয়ার হয়ে উঠেছিল। সে প্রথমে ঠোঁট থেকে রুটির টুকরোটা নিজের হাতে নিলো, তারপর ধীরে ধীরে বলল, ভাই খেঁকশেয়াল, এই যে রুটির টুকরোটা দেখছ, এটি সরকারি জিনিস! সরকার এটা আমাকে বা আমার মতো বুদ্ধিজীবীদের এমনি এমনি দেয়নি, যাতে এটা ঠোঁটে চেপে মুখ বন্ধ রাখি, সেই শর্তেই দিয়েছে! তাই আমি সরকারের কাছে দায়বদ্ধ! এমনিতে আমি নিশ্চয়ই লাগামছাড়া, যে-কোন বিষয় নিয়েই আমি বক্তব্য রাখতে পারি, রাখবোও। তবে , সময় এলো!
কথাগুলো বলেই খেঁকশেয়ালকে ভেবলে দিয়ে কাক ঠোঁটে রুটির টুকরোটা আবার চেপে নিলো এবং দায়বদ্ধতার ধ্যান শুরু করে দিল!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news