নীল রায়।
প্রাণ হারালেন অনশনরত শিক্ষিকা ! ক্ষতিপূরণের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের সদর অফিস বিকাশ ভবনের সামনে অনশনরত পার্শ্ব শিক্ষিকাদের (Para Teachers) একজন মারা যান। মেদিনীপুর বোরাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবতী রাউত মারা যান। এ প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, “অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারাতে হলো পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতকে।” তিনি আরও বলেন, “আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অন্য শিক্ষকরা। অথচ রাজ্য সরকারের কোনো হেলদোল নেই।”

আক্রমণের সুরে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি বলেন, “আরো একবার প্রমাণিত হলো সমাজ গড়ার কারিগর যে শিক্ষক সমাজ, তাঁরা আজ এই পশ্চিমবঙ্গে চরমভাবে অবহেলিত এবং লাঞ্ছিত।” তাঁর আরও সংযোজন, “আমরা দাবি জানাচ্ছি, রাজ্য সরকার অবিলম্বে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সাথে আলোচনা বসুক এবং পাশাপাশি মৃত শিক্ষকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিক।”
এদিনই বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নেতৃত্বে কংগ্রেস পরিষদীয় দলের সদস্যরা অনশনরত শিক্ষিক শিক্ষিকাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এদিন ফোনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। পাশাপাশি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে শিক্ষিক শিক্ষিকাদের সঙ্গে আলোচনায় বসতে অনুরোধ করেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news