নীল রায়।
পশ্চিমবঙ্গের তিন বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) উদ্যোগী হয়ে জোটের পক্ষে সওয়াল করে চিঠি লিখলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Bose)। শুক্রবার রাতে সংবাদমাধ্যমের হাতেই চিঠি এসেছে। যেখানে প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র বিমান বসুর কাছে দুপক্ষের মধ্যে জোটের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। সঙ্গে সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে কংগ্রেস এনসিপি জোট যেভাবে শাসক বিজেপি-শিবসেনা জোটের মোকাবিলা করেছে, সেই মডেলেই বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে অনুরোধ করেছেন।
জোট নিয়ে যে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) সঙ্গেও কথাবার্তা শুরু হয়েছে রাজ্য কংগ্রেসের, তা ওই চিঠিতে উল্লেখ করেছেন সোমেন মিত্র। চিঠির শেষাংশ সোমেন লিখেছেন, ৩টি কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। এখনই যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে রাজ্যের শহর ও গ্রামের মানুষের কাছে পৌঁছে যাবে না। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামেদের মধ্যে জোট হয়েছিল। এদিন লেখা সোমেনের চিঠিতে বলা হয়েছে সেই জোটে আন্তরিকতার অভাব ছিল। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে যদি বাম কংগ্রেস জোট সম্ভব হতো তাহলে বিরোধী ভোট বিজেপির দিকে যেত না বলেই মত প্রকাশ করেছেন সমান।
তবে লোকসভা ভোটে জোট ভেঙে যাওয়া নিয়ে বিমান বসুর কংগ্রেসের প্রতি বিরূপ মন্তব্যে রুষ্ট হয়েছিলেন সোমেন মিত্র। কিন্তু ২ অক্টোবর গান্ধী জয়ন্তী দিনে মহাত্মার সার্ধশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনীতে বিধান ভবনে গিয়ে কংগ্রেস-সিপিএম সম্পর্কে নতুন সমীকরণের জন্ম দিয়েছিলেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র। ওইদিনই সোমেন মিত্রকে পাশে নিয়ে বিমান বসু দাবি করেছিলেন, সময়ের প্রয়োজনেই তারা ফের একসঙ্গে।
প্রসঙ্গত, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুর বিধানসভা উপনির্বাচনে মৌখিক সম্মতি হয়ে গিয়েছে কংগ্রেস (Congress) বামেদের মধ্যে। করিমপুর আসনটি সিপিএমকে (CPM) ছেড়ে কালিয়াগঞ্জ খড়গপুর সদর আসনে প্রার্থী দেবে কংগ্রেস। দু’পক্ষের মধ্যে আলোচনা পর্ব সম্পন্ন হয়ে গেলেও, প্রকাশ্যে ঘোষণা এখনও বাকি। তাই সোমেন মিত্র আগেভাগে উদ্যোগী হয়ে বামফ্রন্ট (Left Front) চেয়ারম্যানকে চিঠি লিখে জোট প্রক্রিয়া শুরু করতে অনুরোধ করেছেন।
খড়্গপুর সদর, করিমপুর এবং কালিয়াগঞ্জ আসনে আগামী ২৫ নভেম্বর উপনির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর রাজ্যের বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন দাখিল শুরু হবে। ৬ নভেম্বর মনোনয়নের শেষ দিন ধার্য করা হয়েছে। ১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে এই তিন কেন্দ্রে। ২৮ তারিখ ভোটের ফল ঘোষণা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news