নীল রায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) খুশী করতেই সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, বুধবারের বনধে কংগ্রেস ও সিপিএমের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন। জানিয়ে দেন, দুই বিরোধী দলের ভুমিকায় ক্ষুব্ধ হয়ে দিল্লি যাবেন না। এমন ঘোষণার পরে বিবৃতি জারি করে মুখ্যমন্ত্রীর এহেন অবস্থানকে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
তিনি বলেন, “দেশের বিশ্ববিদ্যালয় গুলিতে পুলিশের হামলা এবং নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের প্রেক্ষিতে কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীর ডাকা বিরোধী দলগুলির সভায় ১৩ই জানুয়ারী, রাজ্যের মুখ্যমন্ত্রী যে উপস্থিত থাকবেন না সেটা আমরা আগেই থেকেই জানতাম।” সোমেন আরও বলেন, “লোকসভাতে সিএএ বিলে তৃণমূলের ৮ জন সংসদের ভোট না দেওয়া, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হোস্টেলে এ বি ভি পি-র আক্রমণের বিরুদ্ধে আন্দোলনরত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পুলিশ দিয়ে পেটানো, গতকাল বন্ধের আগে রাজ্য সরকারী কর্মচারীদের হুমকি সার্কুলার, বি জে পি বিরোধী বন্ধে পুলিশের আক্রমণ এগুলি সবই মোদী সরকারকে বার্তা দেওয়া। দিল্লী না যাওয়াটাও আরেকটি জোরালো বার্তা দিলেন মোদী-শাহ জুটিকে এবং কংগ্রেস সি.পি.এম-কে আক্রমণ একটি অজুহাত মাত্র।”
তিনি বলেন, “আমরা অবাক হয়ে গেলাম মুখ্যমন্ত্রী এত কথা বললেন কিন্তু গতকাল তাঁর দপ্তরের পুলিশ মালদার সুজাপুরে যেভাবে সাধারণের গাড়ি ভাঙচুর করল সেটা নিয়ে কোন কথা বললেন না। গতকাল সেই ভিডিওটা যদি ভাইরাল না হত তবে রাজ্যের মানুষ পুলিশের এই অপরাধের কথা জানতেই পারতেন না।” সোমেন মিত্র (Somen Mitra) আরও বলেন, “সি.এ.এ এর বিরুদ্ধে যখন দলমত নির্বিশেষে সবাই রাস্তায় তখন মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে বলছেন উনি সবার আগে রাস্তায় নেমেছেন। বিল পাশের আগে থেকেই সংসদীয় কমিটি থেকে রাস্তায় সব বিরোধী দলই লড়ছে। আসলে গতকাল কংগ্রেস – সি পি এম -এর ডাকা বন্ধ সফল হওয়ায়, মুখ্যমন্ত্রী হতাশ। আসল কথা নরেন্দ্র মোদিকে বার্তা দেওয়া যে কংগ্রেস সভানেত্রীর সভায় তিনি থাকবেন না। কংগ্রেসের নেতৃত্বে তিনি কোন আন্দোলনেই থাকবেন না, এটাই তো বি জে পি চায়।”
প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, “বাংলায় বিজেপির কর্মীরা নিশ্চয় এখন বুঝতে পারছেন যে মোদী-দিদি সেটিঙে তাঁরা পেছনের সারিতেই থাকবেন। বাংলার মানুষকে আমাদের অনুরোধ বিভ্রান্ত না হয়ে কংগ্রেস-বাম-জোটের পশে থাকুন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news