চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন পরিস্থিতিতে রেশন নিয়ে রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। বুধবার এক লিখিত বার্তায় এমনই অভিযোগ করেছেন তিনি। প্রকাশিত বিবৃতিতে সোমেন মিত্র লিখেছেন,”গত ২১শে মার্চ বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্য সরকারের তরফে চাল, গম বিনামূল্যে সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে। তাহলে এই রাজ্যের মানুষের জন্য বরাদ্দ খাদ্য দ্রব্য কোথায় যাচ্ছে ?” তিনি আরও বলেন, “বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে রেশন ডিলার পর্যাপ্ত চাল – গম দিচ্ছে না। রেশন ডিলার বলছেন যে, তাঁদের বরাদ্দ কোটাও পূরণ হচ্ছে না। হুগলী জেলার বিস্তীর্ন এলাকা , বর্ধমান , নদীয়া , হাওড়া , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন জেলার গরিব মানুষের একই অভিযোগ।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “আমরা রোজ টিভিতে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনছি কিন্তু তার সাথে বাস্তবের মিল কোথায় ?”
তিনি আরও বলেন, “কোথাও তৃণমূলের ছোট, মেজো নেতারা ধমকে রেশন ডিলারদের থেকে মাল নিয়ে দলের পক্ষ থেকে নিজেদের লোকদের মধ্যে বিলি করছে বলেও অভিযোগ আসছে।”
তাঁর আরও প্রশ্ন, “তবে কি এই করোনা ভয়াবহতার মধ্যেও ‘পাইয়ে দেওয়ার ’ রাজনীতি চলবে?”
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদলের প্রতি অভিযোগের সুরে সোমেন মিত্র বলেছেন, “‘করোনা পাস’ দেওয়ার ব্যাপারেও তৃণমূল কংগ্রেসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” তাঁর আরও অভিযোগ, “পুলিশের করোনা ভাইরাসের পাশের অনলাইন পোর্টাল প্রদেশ কংগ্রেসের পাশের আবেদন বাতিল করেছে। বলা হয়েছে বিস্তারিত বিবরণ নেই বলে বাতিল করা হল। প্রদেশ কংগ্রেসের করোনা কন্ট্রোল রুমের স্বেচ্ছাসেবকদের পাশের আবেদন বাতিল হয়, কিন্তু তৃণমূলের লোকেরা রেশন দোকানের সামনে মাতব্বরি করে সরকারের দেওয়া রেশন বন্টন করছে – এর থেকে নগ্ন রাজনীতি কি হতে পারে ?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news