নীল রায়:
মৌসম দলের সঙ্গে বেইমানি করেছে। এমনই অভিযোগ এনে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে দিলেন এআইসিসি পর্যবেক্ষক গৌরব গগৈ ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সংসদ সদস্য হারানোর তাজা ঘা নিয়ে দুই কংগ্রেস নেতা জানিয়ে দিলেন মৌসামকে দলে টেনে ওই আসনে বিজেপির জয় মসৃণ করল তৃণমূল কংগ্রেস।
সোমবার মালদা উত্তরের কংগ্রেস সাংসদ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মঙ্গলবার তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি মালদা উত্তর আসলে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল হল তাও স্পষ্ট ভাষায় জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। তিনি বলেন, “মৌসম দলের সঙ্গে বেইমানি করলেন। তবে আমরা ঈসা খান চৌধুরীকে দিয়ে লড়াই করব। আমরাই জিতবো। দলের কোনও ক্ষতি হয়নি, তবে একটা মানসিক ক্ষতি হয়েছে।”
প্রসঙ্গত ঈসা খান চৌধুরী বর্তমানে সুজাপুর থেকে কংগ্রেসের বিধায়ক। মনে করা হচ্ছে দলে ভাঙন ঠেকাতেই এমন কৌশল নিয়েছে প্রদেশ কংগ্রেস। বিধায়ক ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে। পুত্রকে লোকসভা টিকিট দিয়ে পিতাকে দলে ধরে রাখার কৌশল সোমেন গৌরবদের। এদিন সোমেন আরও বলেন “মৌসম নূর জিতে ফিরে আসবে না। এখানে তৃণমূল মুখে বলছে বিজেপি বিরোধী। কিন্তু আবার এই রাজ্যে কংগ্রেসকেই তৃণমূল শেষ করছে। তাই ওদের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন ওঠে না সেটাই আমি দিল্লিকে বলেছি।”
বিধান ভবনে সোমেনবাবুর পাশে বসেই গৌরব গগৈ বলেন, “ওঁর তৃণমূলে যাওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও তা খুবই দুর্ভাগ্যজনক।” কংগ্রেসের যুবনেতা আরও বলেন, “অমিত শাহ মালদাতে বলেছিল যে কংগ্রেস শেষ হয়ে গেছে মালদাতে। তৃণমূল মৌসুমকে দলে টেনে সেটা প্রমাণ করার চেষ্টা করল। কিন্তু তাও বলছি সেখানে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। বরং আগামী দিনে আপনারা দেখবেন মালদাতে কংগ্রেস ভালো ফল করবে। মৌসমের তৃণমূলে যাওয়া বিজেপিকেই সুবিধা করে দিল।” বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে গৌরব বলেন, “যে দল দিল্লি গিয়ে আমাদের দলের নেতাদের রসগোল্লা দেয়, সেই পার্টি বাংলায় আমাদের দল ভাঙছে, কর্মীদের মারছে— সেই দলের সঙ্গে কী করে হাত মেলাব ?” তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত ভাবে হাত মেলানোর বিরোধী। তৃণমূলের সঙ্গে এই রাজ্যে জোটের সম্ভবনা শূন্য। তবে এখন পুরোটাই নির্ভর করছে এআইসিসির সিদ্ধান্তের উপর। তবে আমরা ব্যক্তিগত ভাবে তৃণমূলের সঙ্গে হাত মেলানোর বিরোধী।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news