নীল রায়।
রাজ্যে ১৮টি লোকসভা আসনে জয়ী হওয়ার পরেই একের পর এক তৃণমূলের পার্টি অফিস দখল করেছে বিজেপি। রবিবার ধর্মতলা শহীদ দিবসের মঞ্চে থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি অফিস দখলের সংস্কৃতি যে তাঁরই দলের আমদানি! তা স্মরণ করিয়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র। সেই অভিযোগের রেশ ধরে সোমেন মিত্র বলেন, “আপনি বলছেন- বিজেপি আপনাদের অফিস দখল করছে। আপনাদের দলের জন্মলগ্ন থেকে কংগ্রেসের যে সব অফিস দখল করেছন, তার একটা তালিকা আপনাকে পাঠাব, সেই অফিসগুলো ফেরত প্রথমে দিয়ে আপনার আন্তরিকতা প্রমান করুন।”
এদিন কংগ্রেসকে আক্রমণ করে পরগাছা আখ্যা দেন তৃণমূল নেত্রী। জবাবে সোমেন বলেন “বিজেপি-র সাথে দীর্ঘদিন ঘর করার পর দিদির আজ মনে হল কংগ্রেস বিজেপি-র পরগাছা। গুজরাটের দাঙ্গার সময়তেও উনি বিজেপি-র মন্ত্রী ছিলেন। তাই এখন বিজেপির বিরুদ্ধে আপনার এই লড়াইকে মেকি লাগছে।” তিনি আরও বলেন, “কংগ্রেস জন্মলগ্ন থেকেই এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আদর্শের লড়াই লড়ছে। আপনার কাছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই শিখবো না।”
বিজেপির সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পরিচালনা কে কার্যত কাঠগড়ায় তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার কথায়, “বিজেপি লোকসভা থেকে সারা দেশে গণতন্ত্র ভুলিয়ে দিচ্ছে এটা একদম সত্যি কথা কিন্তু বিধানসভায় যখন আলোচনা না করেই স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট গিলোটিনে পাঠিয়ে দেওয়া হয় , তখন আপনার গণতন্ত্র কোথায় থাকে?” সোমেন মিত্রের পরামর্শ, “কংগ্রেসকে নিয়ে আপনাকে ভাবতে হবে না ? আপনি নিজেকে নিয়ে ভাবুন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news