নীল রায়:
ইদানিং রাজনৈতিক প্রশ্ন তথা আক্রমণের উত্তর দিতে তৃণমূল নেতৃত্বের ভরসা যেন সোশ্যাল মিডিয়াই। শনিবার ঠাকুরনগর ও দুর্গাপুরে জোড়া জনসভা থেকে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রেও দুর্গাপুরের জনসভা শেষ হওয়ার ঠিক এক ঘণ্টার মধ্যে ফেসবুক লাইভে সরব হন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। যদিও প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দেননি তিনি বরং সংসদীয় দলের আগামী রণনীতি নিয়ে বেশি আলোচনা করেছেন। নাগরিক সংশোধনী বিল নিয়ে নরেন্দ্র মোদীর প্রস্তাব খারিজ করে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আবারও ১০ মিনিটের ফেসবুক লাইভে জানিয়েছেন ডেরেক।
বছরখানেক আগে পর্যন্ত নিজেদের কোনও সিদ্ধান্তের কথা জানাতে হলে বা কোনও রাজনৈতিক আক্রমণের জবাব দিতে হলে, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিতেন। বেশ কিছুদিন ধরে তিনি এই ধরনের সাংবাদিক সম্মেলন করছেন নাকতলায় নিজের বাসভবন বিজয়কেতনেই। কিন্তু হাল আমলে তৃণমূল কংগ্রেসের যে কোনও ধরনের বড় রকমের ঘোষণা কিংবা কোনও রাজনৈতিক আক্রমণের জবাব দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াই প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই কাজটি করছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। গত বছর ১১ আগস্ট ধর্মতলা জনসভা করে তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সূত্র সোশ্যাল মিডিয়াতে তার জবাব দিয়েছিলেন ডেরেক।
সম্প্রতি মালদহে জনসভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিন্ডিকেট ট্যাক্স আদায়ের অভিযোগ আনেন বিজেপি সভাপতি। এবারও তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়াতে বিজেপিকে জবাব দেন তিনিই। প্রশ্ন উঠছে, কেন অন্যান্য রাজনৈতিক দলের মতো সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার রেওয়াজ থেকে সরে যাচ্ছে তৃণমূল কংগ্রেস? তাহলে কি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? তবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এদিন দিনভর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভাকে ট্রোলড করে বেশ সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সেল।
শুক্রবার রাতেই তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সেলের পক্ষ থেকে নিচু তলার সোশ্যাল মিডিয়া কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল “গো বাক মোদী” হ্যাশট্যাগ দিয়ে জোড়া কর্মসূচিকে আক্রমণ করতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news