Breaking News
Home / TRENDING / বুক ফেয়ারে ‘ফিলZফার’ নটেদা!

বুক ফেয়ারে ‘ফিলZফার’ নটেদা!

  পার্থসারথি পাণ্ডা :

আজ, হ্যাঁ আজই, তিন নম্বর গেট দিয়ে বইমেলায় যেই না ঢুকেছি, অমনি আমাদের পাড়ার ডাকসাইটে ‘ফিলZফার’ নটেদার সঙ্গে দেখা।

‘আরে, নটেদা যে!’

‘হ্যাঁ। ভাবলুম যাই, দেখেই আসি কনের বাড়ির টেনশনটা আজ কোন লেভেলে!’

‘কনের বাড়ির টেনশন! মানে?’

‘উফ, কথা বুঝিস না কিচ্ছু না, চলে এসেছিস বইমেলায়!’ বলে আমার আনাড়িপনায় রাগ দেখিয়ে চলে যেতে গিয়েও কি জানি কেন থেমে যায় নটেদা। হয়তো আমার অবোধপানা মুখটার পানে চেয়ে খানিক ক্ষমাঘেন্না হয় তার। ক্রোধ ছেড়ে অবোধকে বলেন, ‘ধর…লগ্ন শুরু হয়ে গেছে, কিন্তু কনে এখনও রেডি হয়নি। আমাদের পাড়ায় এমনটা হামেশাই তো হয়, হয় না?’

আমি সিম্পলি সায় দিয়ে মাথা নাড়ি।

‘তবে! তখন কনের বাবার কি অবস্থা হয়? বিপি হাই হয়, তাই তো?’

‘হ্যাঁ, হয় তো।’

‘তবে! তখন টেনশনে কনের বাবা দু’মিনিট পর পর ‘কই গো তোমাদের হল!’ বলে হেঁকে ডেকে মেয়েকে সাততাড়াতাড়ি ছাদনাতলায় পাঠানোর জন্য তেড়ে তাড়া দিতে থাকেন। তাই তো?’

‘হ্যাঁ, তাই। তো?’

‘তো, সেই তাড়াটাই হরবখত এখন প্রকাশক আর দপ্তরীর মধ্যে চলছে ওভারফোনে-আসাযাওয়ায়। বইমেলা তো শুরু, দেখ গে, অনেক বই হয়তো এখনও রেডিই হয়নি; দপ্তরখানায় সুতো-আঠা-পুস্তুনি-রঙিন কভার জড়িয়ে কনের সাজ চলছে। সে-সব বই ছাদনাতলায়, মানে বইমেলার স্টলে না আনতে পারলে পাঠকের সঙ্গে তার শুভদৃষ্টি হবে কেমন করে! দেখা হলে, মনে মনে মিললে, তবেই না পাঠকপ্রবর দেনমোহর দিয়ে তাকে ঘরে তুলবেন! তাই টেনশনটা কোথায় বুঝলে, চাঁদ?’ কথাটা শেষ করেই ঘন হয়ে আসা ভিড়ের ভেতর হন হন করে নটেদা গন।

আমায় তখন বোবায় ধরেছে। ভাবছিলাম, ‘বই’ আর ‘বউ’ মিলিয়ে যে প্রবচনটা বাংলায় চলে, সেটা কপচেই কি নটেদা থিয়োরিখানা ঝেড়ে গেল? কে জানে বাবা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *