ওয়েব ডেস্ক:
এবার রাজ্যে এসে রথযাত্রা নিয়ে সওয়াল করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। রবিবার বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে, তাতে বোঝা যাচ্ছে, তারা ভয় পেয়েছে। এই সঙ্গে স্মৃতি প্রশ্ন তোলেন, এই রাজ্যে যদি গণতন্ত্র থাকে তবে গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি দিতে রাজ্যের সরকারের কীসের অসুবিধা?
স্মৃতির আরও বক্তব্য, পশ্চিমবঙ্গে লোকতন্ত্রের কী হাল তা বিজেপি যাত্রা করে বোঝাতে চেয়েছে৷ এটা একটি রাজনৈতিক যাত্রা।
এদিকে সোমবারই ফের রথযাত্রার সঙ্কল্পে আদালতের দ্বারস্থ হল বিজেপি৷ উল্লেখ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছে, সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারকে রথযাত্রা বাতিল করতে হলে ‘অকাট্য যুক্তি’ বা Cogent Reason দিতে হবে৷ স্মৃতি এদিন বলেন, রাজ্য সরকার যে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের নাম করে যাত্রা বাতিল করছে, তারা এই যাত্রার সঙ্গে নেই৷ পাশাপাশি রাজ্য সরকারের মনে রাখতে হবে যে সংগঠনগুলির নাম বলা হচ্ছে, কোনওটিই নিষিদ্ধ সংগঠন নয়৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news