নিজস্ব প্রতিনিধি।
দিল্লি ভোটের আগে সিয়াচেন (Siachen) নিয়ে ক্যাগের রিপোর্ট মোদী সরকারের অস্বস্তি বাড়ালো। এই রিপোর্টে বলা হয়েছে,সিয়াচেন আর লাদাখে প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পোষাক পাচ্ছেন না ভারতীয় জওয়ানরা। এর ফলে বাধ্য হয়ে তাঁদের পুরনো পোষাক ব্যবহার করতে হচ্ছে যা হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে লড়াই করার উপযোগী নয় মোটেই। এর ফলে প্রতি মুহূর্তে প্রাণসংশয় হচ্ছে তাঁদের। শুধু তাই নয়, তাঁদের যা খাবার দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। এর ফলে প্রয়োজনীয় পুষ্টি এবং ক্যালোরি কোনওটাই পাচ্ছেন না তাঁরা।
প্রসঙ্গতঃ গত বছর প্রতিরক্ষামন্ত্রক বলেছিল বাজেট ঘাটতির জন্য সিয়াচেন এবং অন্যান্য জায়গায় সেনাকে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা যাচ্ছে না। সোমবার পার্লামেন্টে পেশ হওয়া এই রিপোর্ট নিয়ে সরব বিরোধীদের অভিযোগ, দেশাত্মবোধ নিয়ে মোদী সরকারের সমস্ত কথা যে শুধুই দেখনদারি তা আরও একবার প্রমাণ হল।
সিয়াচেন এবং লাদাখের তাপমাত্রা সারা বছর হিমাঙ্কের নীচে থাকলেও বছরের এই সময়টা পারদ নেমে যায় আরও নীচে। ভারতীয় সেনার জওয়ানদের প্রচণ্ড উচ্চতা আর ঠান্ডার সঙ্গে লড়াই করতে হয় প্রতিনিয়ত। এর জন্য তাঁদের বিশেষ খাদ্য আর পোষাক লাগে সারা বছর। এছাড়াও লাগে স্লিপিং ব্যাগ, স্নো গগলস, জুতো আর জ্যাকেট যা খানিকটা হলেও আবহাওয়ার সঙ্গে যুঝতে সাহায্য করে।
কিন্তু এখন সেনাবাহিনীর জওয়ানরা যে সব জিনিস ব্যবহার করছেন তা বহু ব্যবহারে কাজে দিচ্ছে না একেবারেই। খাবারও এমন পাচ্ছেন তাঁরা যাতে তাঁদের ক্যালোরি কমে যাচ্ছে রীতিমতো। লেহ্ তে সেনার হাতে যে খাবার যাওয়ার কথা সেই খাবার চলে যাচ্ছে অন্য লোকের হাতে। মোটের ওপর রিপোর্ট অনুযায়ী যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত রক্ষার দায়িত্ব নিযুক্ত তাঁদের ন্যুনতম দেখভালেও ঘাটতি থেকে যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news