নীল রায়:
ফেসবুকে বিস্ফোরণ ঘটালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। শনিবার বিকেলে ফেসবুক দেয়ালে তিনি লেখেন “অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গেছে।” বিজেপি নেতা মুকুল রায়ের পুত্রের এমন ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিতে। কারণ ২০১৭ সালের ২ নভেম্বর মুকুল রায় বিজেপিতে যোগ দিলেও তাঁর একমাত্র পুত্র রয়ে গিয়েছেন তৃণমূলেই। বিজপুরের তৃণমূল বিধায়ক হিসেবে তিনি যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি তাঁর পিতাকে বারবার তৃণমূল নেতৃত্ব গদ্দার বলা সত্বেও কখনও ধৈর্যচ্যুতি ঘটেনি তাঁর। তবে কি কারণে এমন পোস্ট? তা জানতে তাঁকে মোবাইল নম্বারে ফোন করা হলে পাওয়া যায়নি। তবে তৃণমূল নেতৃত্বের একাংশের ধারণা খুব শীঘ্রই বিজেপিতে নাম লেখাতে চলেছেন তিনি। ব্যারাকপুরের ভোটের আগেই পিতার হাত ধরে বাংলার শাসক দলকে ঝটকা দিতে পারেন শুভ্রাংশু। সেই অভাসই দিয়ে রাখলেন ফেসবুক পোস্টে।

প্রসঙ্গত ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাহুবলী নেতা অর্জুন সিংহ বিজেপির প্রার্থী হওয়ার পরেও দীনেশ ত্রিবেদীর পক্ষে সওয়াল করেছিলেন মুকুল পুত্র। তথাপি তাঁর উদ্যোগকে বরাবরই সন্দেহের চোখে দেখত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠমহলে অভিযোগও করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরে গেরুয়া শিবিরে এই তৃণমূল বিধায়কের যোগদানের জল্পনা ছড়িয়ে দিয়েছেন কেউ কেউ। তৃণমূল নেতৃত্বের মতে যোগদানকারী সেই তৃণমূল বিধায়ক মুকুল পুএই। ভোটের আগে যা তৃণমূলের কাছে বড়সড় ধাক্কাই বটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news