চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পর পঞ্চায়েতমন্ত্রীর চেয়ারে কে বসতে চলেছেন? নবান্নের অন্দরে ঘোরাফেরা করছে দু’টি নাম শোভনদেব চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়া। মন্ত্রিসভায় বয়স এবং অভিজ্ঞতার নিরিখে প্রথম সারিতে রয়েছেন শোভনদেববাবু। যিনি আবার মুখ্যমন্ত্রীর জন্য আত্মত্যাগ করে ভবানীপুর বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সদ্য উপনির্বাচনে খড়দহ আসনে জয় পেয়েছেন তিনি। বর্তমানে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। দফতর রদবদল করে পঞ্চায়েতমন্ত্রী হিসেবে শোভনদেববাবুকে নিয়ে আসা হতে পারে।
তবে তিনিই একমাত্র সম্ভাব্য প্রার্থী নন। চর্চায় রয়েছে সবং বিধায়ক মানস ভুঁইয়ার নামও। পঞ্চায়েত ও গ্রামীণ ব্যবস্থা সম্পর্কে তাঁর ভালোরকম অভিজ্ঞতা রয়েছে। এর আগে সেচ বিভাগের দায়িত্বও সামলেছেন। বর্তমানে তিনি জলসম্পদ উন্নয়নমন্ত্রী। তাই তাঁকেও করা হতে পারে পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু, মানস ভুঁইয়ার জেলা পশ্চিম মেদিনীপুরে কেশপুর থেকে নির্বাচিত শিউলি সাহা আবার পঞ্চায়েত প্রতিমন্ত্রী। সেক্ষেত্রে একটু ভাবনার অবকাশ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ফলে তার আগেই পুরো ছবিটা স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
শুধু পঞ্চায়েত নয়, সাধন পান্ডে অসুস্থ হওয়ার পর ক্রেতা সুরক্ষা এবং স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের দায়িত্ব গিয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাতে। এই দপ্তরগুলির বণ্টনও তাই সময়ের অপেক্ষা। অর্থাৎ, মন্ত্রিসভায় রদবদল একটা হচ্ছেই। বেশকিছু মন্ত্রীর দফতর বদল হতে পারে। আবার নতুন দু’একজনে আনা হতে পারে মন্ত্রিসভায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news