নীল রায়।
শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterji) ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterji) এসএমএস প্রকাশ্যে আসতেই আবারও কী গেরুয়া শিবিরের দিকে ঝুঁকতে চলেছেন শোভন-বৈশাখী! এমনই ইঙ্গিত মিলল শনিবার। কালীঘাটের জয়হিন্দ ভবনে যখন তৃণমূল কাউন্সিলররা দলীয় বৈঠকে। সেই সময় চিকুনগুনিয়া আক্রান্ত বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা অরবিন্দ মেননকে দেখতে বেলভিউ হাসপাতালে গেলেন শোভন-বৈশাখী। চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন এই বিজেপি নেতা।
শুক্রবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterji) সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছিলেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। বৈঠক শেষে কোনও কিছুই খোলাসা করেনি দু’পক্ষ। কিন্তু এসএমএস ফাঁস হওয়ার পর শোভনের তৃণমূলে প্রত্যাবর্তন কন্টকাকীর্ণ হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই কি বাধ্য হয়েই ভাইফোঁটা নেওয়ার পরেও বিজেপি শিবিরে থেকে যাচ্ছেন শোভন ? এমনই জল্পনা রাজনৈতিক মহলে।
এদিন ৭টা ৪০ মিনিট নাগাদ বেলভিউ হাসপাতালে যান শোভন-বৈশাখী। অরবিন্দ মেননকে দেখে হাসপাতাল ৮টা ১০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভন বলেন, “এইসব বিষয় নিয়ে জল্পনা আপনারা করুন।” বিজেপি নেতাকে দেখতে আসা প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার খারাপ সময় অরবিন্দ মেননজী আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাই অসুস্থতার সময় আমি তাঁকে দেখতে এসেছি।”
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে এদিন এক প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন “আপনাদের কথা শুনে যদি আমাকে প্রতিক্রিয়া দিতে হয় তাহলে তো আমি কোন গনৎকার হয়ে যাব।” তাই দুপক্ষের বিবৃতি পাল্টা বিবৃতিতে মনে করা হচ্ছে শোভনের তৃণমূলে প্রত্যাবর্তন যত সহজ মনে হচ্ছিল, বিষয়টি তত সহজ হবে না!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news