ভাস্কর মান্না:
কংগ্রেস কর্মীদের কাছ থেকেই দলীয় কার্যালয় ঘেরাও ও বিক্ষোভের রাজনীতি শিখেছে বিজেপির যুব মোর্চার কর্মীরা। আজ প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপির যুব মোর্চার হামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে মেদিনীপুরের সাংসদ বলেন, “রাফাল নিয়ে কংগ্রেস দুই গালে চড় খেয়েছে। কোর্ট থেকেও খেয়েছে, সাধারণ মানুষের কাছ থেকেও খেয়েছে। আর যিনি ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিচ্ছিলেন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।” একইসঙ্গে তিনি আরও বলেন, যুব মোর্চার কর্মীরা কেন গিয়েছেন বুঝতে পারছি না। ওদের আছেটা কি! ফসিলের উপর পেরেক মেরে লাভ নেই! তবে যা করেছেন ঠিকই করেছেন।” দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এক সিপিএম কর্মী বলেন, বিজেপি আগামীদিনে রাজ্যে ক্ষমতায় আসার দাবি করে। অথচ তারাই গুন্ডামি করছে। আর দলের সভাপতি হয়ে দিলীপ ঘোষ, তাতে মদত দিচ্ছে। যা একেবারে নিন্দনীয়।
এই ঘটনায় বিজেপি ও প্রশাসনের ভূমিকায় নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি করেছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এক নেতার কথায়, শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শন দেখানো হয়নি। পোস্টার, ব্যানার ছিঁড়ে পরিকল্পনা মাফিক ভাঙচুর চালানো হয়েছে প্রদেশ কংগ্রেস দফতর। এমনকি বিধানচন্দ্র রায়ের মূর্তিতে ঢিল ছুঁড়ে ভাঙার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনায় এন্টালি থানায় এফআইআর করেছে কংগ্রেস।
রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মিথ্যে কথা বলেছেন রাহুল গাঁধী। জনগণের সামনে রাহুল গাঁধীকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে প্রদেশ কংগ্রেস দফতরে অভিযান চালায় বিজেপির যুব মোর্চা। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধান ভবন। যুব মোর্চার কর্মীরা প্রায় আধ ঘন্টা ধরে তাণ্ডব চালায় কংগ্রেস দফতরে। এমনকি বাংলার রূপকার হিসেবে যিনি পরিচিত, সেই বিধানচন্দ্র রায়েরও মূর্তি ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
বিজেপি যুব মোর্চার কংগ্রেস দফতর অভিযানের পরেই, পাল্টা যুব কংগ্রেস সভাপতি শাদাব খানের নেতৃত্বে বিজেপি দফতর অভিযানের কর্মসূচি নেয় কংগ্রেস কর্মীরা। কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউতে পুলিশি বাধায় বিজেপি দফতরে পৌঁছতেই পারেনি কংগ্রেস কর্মীরা। উল্টে শাদাব খান সহ প্রায় ১৫ জন যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের মতে, বিজেপি কর্মীরা আমাদের রাজ্য দফতর ভাঙচুর করল। অথচ কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। কিন্তু আমাদের কর্মীদের মিছিল আটকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এর থেকেই বোঝা যায় প্রশাসন বিরোধীদের প্রতি কতটা উদাসীন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news