নীল রায়:
“দলে কেউই অপরিহার্য নয়। দল চলে সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর।”
এভাবেই দলছুট তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার তাঁর হরিদেবপুরের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই এবারের ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। আরও প্রশ্ন করা হয়, কলকাতার প্রাক্তন মেয়রের সাংগঠনিক অনুপস্থিতি কি ভোটে প্রভাব ফেলবে? জোড়া প্রশ্নের উত্তরে শুভাশিস বলেন, “দলে কেউই অপরিহার্য নয়। দল চলে সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে। শোভনের অনুপস্থিতিতে তাই কোনও প্রভাব পড়বে না।”
প্রসঙ্গত, ১০ বছরের বেশি সময় ধরে দক্ষিণ ২৪ পরগনার সংগঠনের দায়িত্বে ছিলেন শোভন। কলকাতার মেয়র ও রাজ্যের তিন দফতরের মন্ত্রীর সঙ্গে এই জেলার সাংগঠনিক দায়িত্ব তাঁর কাঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্যক্তিগত তথা পারিবারিক ডামাডোলের জেরে দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির দায়িত্ব সহ মেয়র ও মন্ত্রীর পদ ছেড়েছেন তিনি। এইসঙ্গে তৃণমূলের সঙ্গে শোভনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। উদাহরণ: সম্প্রতি ডায়মন্ড হারবারে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের কর্মীরা হেনস্থা করে। রাজনৈতিক মহলের মত, নিজে ময়দানে না নামলেও এখনও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কলকাঠি নাড়ার ক্ষমতা রাখেন শোভন। ফলে আসন্ন লোকসভা ভোটে অন্তর্ঘাতের অশঙ্কা করছেন অনেকেই। তাছাড়া শোভন-শুভাশিস বিবাদ জেলার রাজনীতিতে কারও অজানা নয়। ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সঙ্গী শুভাশিসকে জেলার রাজনীতিতে কোনও জায়গা দিত না শোভন, এমন অভিযোগও উঠত। কিন্তু রাজনীতির পাশার দান বদলেছে। এখন ক্ষমতায় শুভাশিস। তবু প্রশ্ন উঠছে, শোভন চট্টোপাধ্যায়ের মতো প্রভাবশালী নেতার অনুপস্থিতি কি এবারের ভোটে তৃণমূলকে ভোগাবে? এমন প্রশ্নের উত্তরে পুরনো আরও এক নেতার উদাহরণ টেনে আনেন শুভাশিস। বলেন, “মুকুল রায়ও দল ছেড়ে চলে গেছেন। তাতে কি কোন প্রভাব পড়েছে? শোভন অনুপস্থিত ঠিকই, কিন্তু তাঁর প্রভাব ভোটের ফলাফলে পড়বে না। জেলার চারটি আসনে আমরা লক্ষাধিক ভোটে জিতব।” যদিও দলের অন্দরে গুঞ্জন, এবার ভোটে শোভনের অনুগামীরা নিষ্ক্রিয় থাকবেন।
আত্মবিশ্বাসী শুভাশিসের উত্তর, “দলের কোনও অংশ নিষ্ক্রিয় থাকবে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
ভোট হলে তো নিস্ক্রিয় সক্রিয় এসবের প্রশ্ন ওঠে, ২ ০ ১ ১ র পর থেকে কোনো ভোট হয়েছে ? ভোট লুট হয়েছে, তার ফলে না হয়েছে ওদের সরকারের মূল্যায়ন, না হয়েছে দলের, সুতরাং এসব কথা অপ্রাসঙ্গিক অর্থহীন