নিজস্ব সংবাদদাতা:
মেয়র পদ ইস্তফা দেওয়ার পরও তিনি যে ‘দিদির ভাই’ সাংবাদিক সম্মলনে তা বুঝিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। বোঝালেন নেত্রী ও দলের কাছে তিনি কৃতজ্ঞ, তাঁর ব্যক্তিগত সম্পর্ক আদালতে বিচারাধীন, বৈশাখী তাঁর কাজের বিষয় নাক গলাত না ইত্যাদি ইত্যাদি।
আর কিছুক্ষণের মধ্যেই আলিপুরে শুরু হতে চলেছে কলকাতা পুরসভার কাউন্সিলরদের বৈঠক। নতুন মেয়র ও ডেপুটি মেয়র কে হবে তা চূড়ান্ত হয়ে গেলেও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে এই বৈঠকের পরেই। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কাউন্সিলরদের এই বৈঠকেও কিন্তু ডাকা হয়নি ‘প্রাক্তন’ মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। তাহলে কি তাঁকে কাউন্সলরের পদ থেকেও ইস্তফা দিতে বলবেন ‘দিদি’? এই প্রশ্নের উত্তর শোভন বললেন, মুখ্যমন্ত্রী যা বললে ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেব আমি।
মেয়র পদে ইস্তফা দেওয়ার পর আজ সাংবাদিক সম্মলনে শোভন জানান, মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে বলার পর গতকাল ছুটি ছিল কর্পরেশন, আজ খুলেছে। ফলে আজই ইস্তফা দিয়েছি। যদিও তিনি এখনও বিধায়ক এবং কাউন্সিলর। তবে শোভন এদিন বুঝিয়ে দেন দলের নেত্রী যা সিদ্ধান্ত নেবেন তা তিনি মেনে নেবেন। এইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি আদালতের বিচারাধীন। তা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। পাশাপাশি ফের শোভনের মন্তব্য, বৈশাখী আমার শুভান্যুধায়ী। প্রাক্তন মেয়র আরও জানান, ব্যক্তিগত সম্পর্কের কোনওরকম প্রভাব তাঁর রাজনৈতিক জীবনে পড়েনি। তিনি স্পষ্ট জানান, ‘বৈশাখী কখনও কোনও ফাইল স্পর্শ করেনি।’ অতএব, ইস্তফা কেন? এই প্রশ্নের উত্তরে শোভনের জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে। প্রাক্তন মেয়র সাংবাদিক সম্মলনে মনে করিয়ে দেন, মেয়র হতে গেলে কাউন্সিলর হতে হয়। সে কারণে আজ বিধানসভায় বিশেষ বিল পাস করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে কলকাতার কোনও ওয়ার্ড থেকে নতুন মেয়রকে জিতে আসতে হবে।
বৃহস্পতিবার বিকেলে নতুন মেয়র ফিরহাদ হাকিমকে শুভেচ্ছাও জানান শোভন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news