Breaking News
Home / TRENDING / নবান্নে কার্তিক পুজো, থিমের লড়াই তারাপীঠে

নবান্নে কার্তিক পুজো, থিমের লড়াই তারাপীঠে

নিজস্ব সংবাদদাতা:

রামপুরহাট, ২২ নভেম্বর: সব দেবীর উর্দ্ধে মা তারা। তাই তারাপীঠে অন্য কোনও দেবী মূর্তির পুজোর চল নেই। তবে দেব পুজোয় কোন বাধা নেই। তাই তারাপীঠে নবান্ন উপলক্ষে দেব সেনাপতি কার্তিকের আরাধনায় মাতেন সাধারণ মানুষ। তাই প্রতিবারের মতো এবারও তারাপীঠে একাধিক জায়গায় কার্তিক পুজো হয়। নজরে পড়েছে থিমের যুদ্ধও। উল্লেখ্য, নবান্নই তারাপীঠবাসীর বড় উৎসব।
নতুন ধানের অন্ন নবান্ন। মূলত গ্রাম বাংলার কৃষকরা নতুন ধান ঘরে তোলার আগে নবান্ন উৎসবে মাতেন। গ্রাম্যদেবতা এবং অন্নপূর্ণার পুজো না দিয়ে তাঁরা নতুন অন্ন মুখে তোলেন না। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে নবান্ন বাঙালির অন্যতম উৎসব। তারাপীঠের বাসিন্দাদের কাছে নবান্নই প্রধান উৎসব। আর এই নবান্নকে ঘিরেই কার্তিক পুজোয় মাতেন তারাপীঠের বাসিন্দারা। তাই উৎসবের আনন্দ উপভোগ করতে তারাপীঠে দিন দিন বাড়ছে থিমের লড়াই। নবান্ন উৎসব উপলক্ষে কার্তিক, শিব ও অসুরের মূর্তি গড়ে পুজো করেন তারাপীঠবাসী। এবার তারাপীঠ মন্দির কমিটির কার্তিক পুজো ৫৮ বছরে পা দিল। তারাপীঠ তারামাতা সেবাইত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘মা তারা সব দেবীর উর্দ্ধে। দুর্গা থেকে জগদ্ধাত্রী, কালী থেকে লক্ষী-সরস্বতী সব দেবীর পুজো হয় মা তারাকে সামনে রেখে। তাই এখানে কোনও দেবী মূর্তির পুজো করা হয় না। তবে দেব মূর্তি পুজোয় কোন আপত্তিও নেই। কার্তিক যেহেতু দেব সেনাপতি তাই কার্তিকের পুজো করা হয় নবান্ন উপলক্ষ্যে। এছাড়া শিব ও অসুরের মূর্তি গড়ে পুজো করা হয়। একটা সময় ছিল তারাপীঠে কোনও মূর্তি পুজো হত না। নবান্ন হলেও তা বাড়ির চার দেওয়ালের মধ্যে হত। সেসময় তারাপীঠের যুবকরা মূর্তি গড়ে পুজো করার ইচ্ছে প্রকাশ করে। এদিকে নবান্ন উপলক্ষ্যে সাধারণত অন্নপূর্ণার পুজো হয়। যিনি দেবী। তাই সেসময় প্রবীনরা বিধান দেন দেবী নয়, দেব মূর্তির পুজো করা যেতে পারে।

সেই বিধান নিয়ে ১৯৬১ সালে তারাপীঠ মিলন সংঘ পাঠাগার নাম দিয়ে কার্তিক পুজো শুরু হয়। কার্তিকের পাশাপাশি গড়া হয় তারকাসুর ও শিব। কার্তিক তারকাসুরকে বধ করেছিলেন। আর শিব উপর থেকে বসে সেই যুদ্ধ দেখেছিলেন। তাই কার্তিকের পাশাপাশি শিব ও তারকাসুরের আরাধনা করা হয়। এবার মন্দির কমিটির পুজো উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোটা তারাপীঠ লাইটে সাজানো হয়েছে। চারদিন ধরে বহিরাগত শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি সেনা কর্মীদের সম্বর্ধনা দেওয়া হবে। পুজো কমিটির সভাপতি শ্যামল মুখোপাধ্যায় বলেন, ‘এবার আমাদের থিম কালোর মধ্যে আলোর জ্যোতি। অন্ধকারের মধ্যে আলোর দিশারী শক্তিকে খুঁজছি।’

তারাপীঠ রবীন্দ্রপল্লির এবার ২৩ বছরে পা দিল। এখানে চুরি দিয়ে মূর্তি গড়া হয়েছে। মণ্ডপ গড়া হয়েছে ঘুমন্ত কুম্ভকর্ণের আদলে। ৭৫ ফুট লম্বা কুম্ভকর্ণ শুয়ে আছেন খাটের উপর। তার পেট চিড়ে রাখা হয়েছে প্রতিমাটি। পুজো কমিটির সম্পাদক ঝুলন দত্ত বলেন, ‘নবান্ন আমাদের কাছে প্রধান উৎসব। তাই আমরা মানুষকে আনন্দ দিতে নতুন নতুন থিমের আয়োজন করি।’ পাঁচদিনের এই উৎসবে সামিল হতে তারাপীঠের মেয়েরাও বাপের বাড়ি চলে আসেন। তারাও মাতেন কার্তিক পুজোর উৎসবে। নিরঞ্জণের দিন সিঁদুর খেলা হয় মহিলাদের মধ্যে। তারাপীঠে মা তারা তো রয়েছেনই। তবে এই চারটি দিন নবান্ন উপলক্ষ্যে তারাপীঠ এখন মেতেছে কার্তিক আরাধনায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *