শ্রেয়সী কুণ্ডু:
শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে মুখ পুড়ছে বাম পরিচালিত বোর্ডের। জবরদখল থেকে শুরু করে জঞ্জাল অপসারণ সবদিক দিয়েই সাঁড়াশি চাপের মুখে শাসকদল বামেরা। শিলিগুড়ি পুরসভার বাসিন্দাদের অভিযোগ, নিকাশি নালাগুলি নিয়মিত সাফাই করা হচ্ছে না। অধিকাংশ নালায় সাফাইয়ের অভাবে জল আটকে থাকে। কোথাও আবার সেই জল দীর্ঘদিন ধরে জমে থাকায় সেখানে মশা-মাছি ডিম পেরে অবাধে বংশবৃদ্ধি করছে। যার জেরে সন্ধ্যা হলেই শীতের মরশুমেও মশার হাত থেকে নিস্তার নেই বাসিন্দাদের। যদিও বিরোধীদের অভিযোগের সত্যতা আঁচ করে পুরসভার জঞ্জাল সাফাই ও পরিবেশ বিভাগের মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত সম্প্রতি ওয়ার্ড মাস্টারদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে সাফাই ব্যবস্থা নিয়ে অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপরেও যে জঞ্জাল সাফাই হচ্ছে না তা বিভিন্ন এলাকায় গেলেই নজরে পড়ছে। শুধু জঞ্জাল অপসারণই নয়, এইসঙ্গে শহরের মহানন্দা নদীর চর জবরদখল চলছে। বিশেষ করে নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা নদী তীরবর্তী জায়গাগুলোকে শৌচকাজ, খাটাল তৈরি করে দূষিত করছে।
পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর খুশবু মিত্তাল বলেন, সমস্যার কথা আমরা বাসিন্দাদের কাছ থেকে শুনে বিভিন্ন সময়ে পুরসভাকে জানিয়েছি। কিন্তু পুরবোর্ড ঠিকমতো কাজ করছে না। সুষ্ঠু নাগরিক পরিষেবা যে মিলছে না তা বারেবারে প্রমাণিত হচ্ছে।
এদিকে শিলিগুড়ি পুরসভার জঞ্জাল অপসারণ ও পরিবেশ বিভাগের মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত বলেন, কোনও জায়গা থেকে অভিযোগ এলে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাফাই কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একথা ওয়ার্ড মাস্টারদদের জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি ১৫ দিন অন্তর ওয়ার্ডের সাফাই ব্যবস্থা নিয়ে বোরো অফিসে তাঁদের রিপোর্ট করতে বলা হয়েছে। যদিও এক্ষেত্রে মকুলবাবু কিছুটা দোষ দিচ্ছেন নাগরিকদের। মুকুলবাবুর দাবি, কিছু লোক অজ্ঞতার বসেই বাড়ির আবর্জনা পুরসভার গাড়িতে না ফেলে রাস্তার ধারে মজুত করছেন। পরবর্তীতে যা রাস্তায় ছড়িয়ে পড়েছে। সিদ্ধান্ত হয়েছে, বারবার কেউ এমন করলে তাঁর বিরুদ্ধে স্পট ফাইন করা হবে।
শহরের দেশবন্ধুপাড়া, হাকিমপাড়া, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বর, পালপাড়া সহ বিভিন্ন এলাকায় অনেক বেলা পর্যন্ত আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। নিকাশি নালাগুলির মুখ বন্ধ হয়ে যাওয়ার জন্য সাফাই কর্মীরা অনেকাংশে দায়ী। কারণ পুরসভার যেসব কর্মী সকালবেলায় রাস্তা ঝাড়ু দেয় তারা রাস্তার আবর্জনা, বালি-পাথর নিকাশি নালায় ফেলে। যার জেরে নিকাশি নালার তা জমে জলপ্রবাহ আটকে যায়। বিজেপি’র কাউন্সিলররা ওয়ার্ড মাস্টারদের এমন সমস্যাগুলি নজরে আনছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news