ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হলেন এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মোহতা। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডেই গ্রেফতার করা হয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মালিককে। এদিন এসভিএফের কসবার অফিসে গিয়ে একচোট জেরা করা হয় শ্রীকান্তকে। পরে তাঁকে আটক করে সিজিও কপ্লেক্সে আনা হয়। সেখানেও জেরা চলে। তারপরই টলিউডের ডাকসাইটে প্রযোজককে গ্রেফতার করে সিবিআই।
জানা গিয়েছে, আজই ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে শ্রীকান্ত মোহতাকে। আগামিকাল খুরদা রোড আদালতে পেশ করা হবে তাঁকে। এসভিএফ কর্ণধারের বিরুদ্ধে ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। আগেই জানা গিয়েছিল রোজভ্যালি এসভিএফের একটি চুক্তির কথা। যা মানেনি শ্রীকান্তের সংস্থা বলে অভিযোগ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর। এর পাশাপাশি জানা যাচ্ছে, প্রভাব খাটিয়ে রোজভ্যালির ব্যবসা বাড়াতে সাহায্য করেছিলেন শ্রীকান্ত। যার জন্য বিভিন্ন সময়ে মোটা টাকা নিয়েছেন। অনেক ক্ষেত্রে সিনেমা বানানোর নামে টাকা নিয়েও সিনেমা বানাননি। পাশাপাশি, গৌতম কুণ্ডুকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। গৌতম কুণ্ডু দেওয়া তথ্যের সঙ্গে এদিন শ্রীকান্ত মোহতার বয়ান না মিলতেই তাঁকে গ্রেফতার সিবিআই।
উল্লেখ্য, সারধা নিয়েও এদিন জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীকান্তকে। অভিযোগ, রোজভ্যালির মতো সারধার ব্যবসা বাড়াতেও সুদীপ্ত সেনকে সহযোগিতা করেছিলেন। মোটা টাকার বিনিময়ে এই কাজ করতেন শ্রীকান্ত। প্রসঙ্গত, সারধার টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে শ্রীকান্তের বিরুদ্ধে। ২০১৫ সাল থেকেই এই অভিযোগে তদন্ত শুরু করে আয়কর দফতর। শ্রীকান্ত মামলায় তাই আয়কর দফতরেরও সাহায্য নিচ্ছে সিবিআই। অভিযোগ, সারধার টাকাতেই একাধিক সিনেমার বিদেশে শুটিং সারে শ্রীকান্ত মোহতার প্রযোজক সংস্থা। পরে ভুয়ো সংস্থার মাধ্যমে সেই খরচ মেটানো হয়।
অন্যদিকে শ্রীকান্ত মোহতার গ্রেফতারির কথা জেনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “সিবিআই ঠিক কাজ-ই করেছে। চোর, ডাকাতদের কি পুজো করবে সিবিআই? ওনার চারপাশে এমন মানুষের সংখ্যা-ই বেশি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news