ওয়েব ডেস্ক:
বিশ্বকাপে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। বুড়ো আঙুলে চোট লাগায় বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ম্যাচে বুড়ো আঙুলে চোট পান শিখর। ওই ম্যাচে ফিল্ডিং করতেও নামেননি তিনি। এরপর আজই ভারতীয় দলের তরফে জানানো হল, চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শিখর ধাওয়ানকে।

প্রসঙ্গত, গত ম্যাচে নাথান কুল্টার নাইলের বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ভারতের বাঁ হাতি ওপেনার। চোট নিয়েই ১০৯ বলে ১১৭ রান করেন। শিখরের সেঞ্চুরির দৌলতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। ম্যাচের সেরাও হন তিনি। সম্ভবত সেই শিখরকে আর বিশ্বকাপে পাবে না টিম ইন্ডিয়া।
তবে লিডসে ধাওয়ানের বুড়ো আঙুলের স্ক্যান হওয়ার কথা রয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই চূড়ান্ত হবে বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে শিখর, নাকি ৩ সপ্তাহ পর ফিরতে পারবেন।
অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুলকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। চার নম্বরে শিকে ছিঁড়তে পারে বিজয় শঙ্কর কিংবা দীনেশ কার্তিকের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news