ঢাকা থেকে ওয়ালিদ আহমেদ
————–
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে সুপার সাইক্লোন আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী আজ সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়-ক্ষতির বিষয়ে তাঁর কাছে জানতে চান।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী সাইক্লোনে জান-মালের ক্ষয়-ক্ষতিতে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।”
ঘটনায় ৭২ জন নাগরিকের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সুপার সাইক্লোন আমফান গত বুধবার বিকেলে বাংলাদেশে আঘাত হানে, এর আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রসঙ্গত, প্রতিবার ঘুর্ণিঝড় বাংলাদেশে ধ্বংসলীলা চালায়। কিন্তু, এবার সেই তাণ্ডবের শিকার হয়েছে ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি ও পূর্ব মেদিনীপুর।
এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকার প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকার অনুদান দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এরপর ভারত সরকারের এক প্রতিনিধিদল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসবে। সেই প্রতিনিধি দলের রিপোর্ট হাতে পেলে আবারও আর্থিক সহায়তা প্রদান করা হবে পশ্চিমবঙ্গকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news