চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড়ে (Amphan Cyclone Strom) ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে জেলা সফরে যাবেন সভাপতি দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নেতারা। আমফানের তান্ডবের আগের দিন দুর্গত এলাকায় দলের তরফ থেকে ত্রান পৌঁছানোর জন্য কেন্দ্রীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ। কেন্দ্রীয় দুই নেতা জেপি নাড্ডা ও বিএল সন্তোষ বিজেপির রাজ্য সভাপতিকে স্পষ্ট জানিয়েছেন, আমফান ঘূর্ণিঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে অতি দ্রুত পৌঁছে যেতে হবে। ত্রানের কাজে সাহায্য করতে হবে দলীয় নেতা কর্মীদের। সেই নির্দেশ মতোই শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থেকে দুর্গত জেলার সফর শুরু করবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ঘুর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষদের হাতে ত্রাণ তুলে দেবেন তিনি।
দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ ভালো করেই বুঝতে পারছেন ২০২১ সালের ‘বঙ্গ মিশন’ অনেক শক্ত। মমতার শক্ত মাঠে পদ্মচাষ করতে গেলে দলের নেতাদের রাজ্যের আমি জনতার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। তাই আমফানের পরেই দিলীপ ঘোষ, মুকুল রায়দের জেলা সফরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডারা। আর এই কাজ রাজ্য বিজেপির নেতারা দক্ষতার সঙ্গে করতে পারলে ‘মিশন ২০২১’- এ তার সুফল মিলবে বলে মত দলের কেন্দ্রীয় নেতাদের। তাই কেন্দ্রীয় নেতৃত্বর নির্দেশ মেনে দুর্গত এলাকার যোগাযোগ ব্যাবস্থা একটু ঠিক হলেই সেখানে যাবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির প্রথমসারির নেতৃত্ব।
অন্যদিকে, আমফানের দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমান যাচাই করতে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। রাজ্যের মন্ত্রীদের নিয়ে সেই কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নবান্ন থেকে ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে নির্দিষ্ট অঙ্ক এখনও কিছু বলা হয়নি। কিন্তুু তার আগেই আমফানের দুর্গত মানুষের সাহায্যে প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে এক হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষনা করেছেন। আর প্রধানমন্ত্রীর বরাদ্দ অর্থ রাজ্য সরকার কোন খাতে কত টাকা খরচ করছে, তাও নজরে রাখবে রাজ্য বিজেপি। তাছাড়া আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকার পুনঃগঠন প্রক্রিয়াও নজর রাখবেন দিলীপ ঘোষরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news