ওয়েব ডেস্ক:
কাজ হল নির্মলার ওষুধে। অর্থমন্ত্রীর প্রথম দাওয়াইয়ের পর কিছুটা হলেও চাঙ্গা হল শেয়ার বাজার। সোমবার বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৭৯৩ পয়েন্ট বাড়ল । অন্যদিকে ১১, ০৫০ পয়েন্ট ছাড়াল নিফটির সূচক। মনে করা হচ্ছে এফপিআই-এর থেকে অতিরিক্ত কর প্রত্যাহারের ঘোষণার ফলেই সেনসেক্সের এই লাফ।
উল্লেখ্য, সোমবার এফএমসিজি ও ব্যাঙ্কের শেয়ারের দরে ব্যাপক বৃদ্ধি দেখা যায়। প্রসঙ্গত, গত বাজেটে এফপিআইয়ের ওপর অতিরিক্ত কর বসিয়েছিল কেন্দ্র। এরপরেই বাজার থেকে প্রায় ২৪,৫০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ উঠে যায়। গত শুক্রবার সন্ধ্যায় সেই কর প্রত্যাহার করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা আবার ভারতীয় বাজারে বিনিয়োগে প্রতি উত্সাহী হবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তারই প্রতিফলন দেখা গেল এদিন। পাশপাশি এদিন সরকারি ব্যাঙ্কেগুলির শেয়ারের দরও ব্যাপক হারে বৃদ্ধি পায়। গড়ে ৯ শতাংশ হারে বেড়েছে ব্যাঙ্কের শেয়ারদর। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয় সরকার তত্কালীন ৭০,০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করাতেই ব্যাঙ্কের শেয়ার চাঙ্গা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এইসঙ্গে মনে করা হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের চিনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাবও ভারতীয় বাজারকে প্রভাবিত করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news