ওয়েব ডেস্কঃ
মানুষের পাশে মানুষই দাঁড়ায়। তার হাতেগরম উদাহরণ ‘শঙ্খশুভ্র ওয়েলফেয়ার সোসাইটি’। পার্বণের দিনে আমরা যখন শহরের শপিংমল ঘেঁটে নিজের জামাটা, জুতোটা কিনতে ব্যস্ত। তখন এই স্বেচ্ছাসেবী সংস্থা এমন কিছু মানুষের পাশে দাঁড়াল যারা প্রকৃতই অসহায়। নদীর ভাঙন আর ভরা কোটালের বন্যায় যে গরিব মানুষগুলোর মাথার উপরে আজ ছাদটুকুও নেই। পুজোর নিকুচি করেছে, যাদের পেটে ভাত নেই! তাদের পাশে দাঁড়াল ‘শঙ্খশুভ্র ওয়েলফেয়ার সোসাইটি’।
ওরা সুন্দরবনের বর্ষার কুৎসিত গল্পে কিছুটা মলম লাগাতে পারল হয়তো। সেখানে কত দ্বীপ ভেসে যায়, ডুবে যায়, ফের ভেসে ওঠে বেঁচেবর্তে থাকা জীবন। নামখানা ব্লকের দুর্গম দূরের মৌসুনী দ্বীপে এবার যেমন হল। নদীর ভাঙন আর ভরা কোটালের প্রকোপে ঘর সংসার তছনছ হয়ে গেল। গত ৭ অক্টোবর সেই তাদের পাশে দাঁড়াল ‘শঙ্খশুভ্র’।
সহায় সম্বলহীন ২৫০টি পরিবারকে সোসাইটির তরফে তুলে দেওয়া হল নতুন জামাকাপড়, খাদ্য সামগ্রী। পুজোর আগে কিছুটা হলেও আলোর মুখ দেখল অন্ধকারের সঙ্গে নিত্য লড়ে যাওয়া মানুষগুলো।
শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। সেই কাজটাই নিরবে করলেন ‘শঙ্খশুভ্র ওয়েলফেয়ার সোসাইটি’র সদস্যরা। তবে নতুন না, এই কাজ তারা করে আসছেন গত ১২ বছর ধরে।
এক যুগ ধরে যারা স্বার্থপর পৃথিবীর বিপরীত কাজ করে যাচ্ছেন তাদের জন্য স্লোগান— যুগ যুগ জিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news