চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
মারণ রোগ করোনা ভাইরাস রুখতে এবার ময়দানে ‘শক্তিমান’ (Shaktimaan)। প্রধানমন্ত্রীর ঘোষণামাফিক লকডাউনের জেরে গৃহবন্দী গোটা দেশ। এখনও ১৭ দিন ঘরের মধ্যেই থাকতে হবে দেশের আমজনতাকে। আর এর মধ্যে যদি আক্রান্তের সংখ্যা বাড়ে। তাতে হয়তো এই লকডাউনের সময়সীমাও বাড়বে বলেই প্রশাসনিক মহলে খবর। অতএব ঘরে থাকা ছাড়া আর উপায় নেই। অথচ ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে সকলে। ছোটো খুদেরা তো বটেই গৃহবন্দী দশায় তিতিবিরক্ত হচ্ছেন কিশোর, যুবা থেকে বয়স্করাও।

পাবলিকের এহেন একঘেয়েমি কাটাতে একে একে দূরদর্শনের পর্দায় ফিরেছে রামায়ন, মহাভারত, ব্যোমকেশ বক্সী, সার্কাসের মতো টিভি সিরিয়ালের সব মাইলফলক। নব্বইয়ের নস্ট্যালজিয়াকে আরও খানিকটা উস্কে দিতে এবার হাজির হচ্ছেন ‘শক্তিমান’। ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরো। ‘ব্যাট-ম্যান’, ‘স্পাইডার-ম্যান’ -এর আগে থেকেই ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছেন ‘পন্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রী’ ওরফে ‘শক্তিমান’। শীঘ্রই দূরদর্শনের পর্দায় আবারও তমরাজ কিলবিসের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে সেই মুকেশ খান্না রূপী শক্তিমানকে। রবিবার সোশ্যাল মিডিয়ায় শক্তিমানের অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নেন স্বয়ং শক্তিমান চরিত্রে অভিনয় করা মুকেশ খান্না। তিনি টুইটারে লেখেন, “১৩০ কোটি ভারতীয় একসঙ্গে ফের একবার দূরদর্শনের পর্দায় শক্তিমান দেখার সুযোগ পাবে। ঘোষণার জন্য অপেক্ষা করুন।”

উল্লেখ্য, ১৯৯৭-২০০৫ সাল পর্যন্ত দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল এই সুপারহিরো টেলিভিশন শো। ২০১১ সালে শক্তিমানকে নিয়ে একটি অ্যানিমেটেড সিরিজ লঞ্চ হয় সোনি চ্যানেলে, এরপর পোগো চ্যানেলে হামারা হিরো শক্তিমান বলে একটি টেলিফিল্ম সম্প্রচারিত হয় পোগোতে। কিন্তু যতোটা শক্তিমান টেলিভিশন শো জনপ্রিয়তা পেয়েছিল, ততোটা অ্যানিমেটেড সিরিজগুলি কিন্তু মনে দাগ ফেলতে পারেনি ছোটোদের। ৯০-এর দশকের কচিকাঁচারা এখন সব কর্মব্যস্ত মানুষ। কিন্তু গৃহবন্দী হয়ে আবারও নস্টালজিক হওয়ার সুযোগ পাবেন তাঁরাও। আজও মনের কোনে থেকে গেছে শক্তিমানের সঙ্গে কিলবিসের লড়াইয়ে সেই উত্তেজনা। শিশুমনের শক্তিমানকে নিয়ে প্রতি মুহুর্ত কল্পনার রঙিন সেতু গড়া।
তবে ফের একবার এই লকডাউনের আবহে ফিরে আসছে শৈশব। আবারও শক্তিমানের সুপার স্টান্ট দেখতে মন ব্যাকুল হয়ে উঠছে অনেকের। আর এই সব কিছুর সৌজন্যে রয়েছে “COVID-19″।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news