ওয়েব ডেস্ক:
শবরীমালার সমাধান হল না। উল্লেখ্য, রাফালের পাশাপাশি শবরীমালা নিয়েও আজ রায় ঘোষণার কথা ছিল সুপ্রিম কোর্টে। বলা হচ্ছিল, প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার আগে বৃহস্পতিবার শেষ দুটি বড় রায় দিতে চলেছেন রঞ্জন গগৈ। কিন্তু ৫ বিচারপতির বেঞ্চ থেকে মামলাটি পাঠানো হল ৭ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির মধ্যে ৩ বিচারপতি মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিল।
প্রসঙ্গত, শতাব্দীপ্রাচীন এই মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বরে সেই প্রথার বিরুদ্ধে রায় দিয়েছিল শীর্ষ আদালত। এরপর সব বয়সের মহিলাদের জন্য শবরীমালা মন্দিরে প্রবেশ আইনত হয়। কেরল সরকার সেই রায়কে স্বাগতও জানিয়েছিল।
এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করে মন্দির পরিচালন কমিটি। মোট ৫০টি পিটিশন জমা পড়ে। দাবি করা হয়, শতাব্দীপ্রাচীন প্রথা ও বিশ্বাসে হস্তক্ষেপ করতে পারে না আদালত। আজ সেই মামলার রায়ঘোষণার কথা ছিল। কিন্তু চূড়ান্ত রায় ঘোষণা করল না ৫ বিচারপতির ডিভিশনাল বেঞ্চ। ৫ বিচারপতির বেঞ্চ থেকে মামলাটি পাঠানো হল ৭ বিচারপতির বেঞ্চে। তবে অন্তর্বর্তীকালীন সময়ে আগের রায়ই বহাল রইল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news