চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আজ প্রথমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে একাধিক কথা হয়েছে। সেই আলোচনার মধ্যে উঠে এসেছে ভারতীয় খাবার খিচুড়ির কথা।
এদিন মোদীর সঙ্গে ভিডিও বৈঠকে গুজরাতী খিচুড়ি রান্না করার ইচ্ছে প্রকাশ করেছেন মরিসন। একইসঙ্গে তিনি জানান, “ভারতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলিঙ্গন করতে চাই। এবং গুজরাতি খিচুড়িও খেতে চাই।” মরিসনের এই কথা শুনে প্রধানমন্ত্রী মোদী খুশি হয়ে বলেন, ” খিচুড়ি ভারতের সব জায়গায় খাওয়া হয় এবং বিভিন্ন জায়গায় এর বিভিন্ন ধরনের নাম রয়েছে। গুজরাতের মানুষ শুনে খুশি হবেন যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গুজরাতি খিচুড়ি খেতে চেয়েছেন।” তিনি আরও বলেন, অনেক গুজরাতি পরিবার অস্ট্রেলিয়ায় রয়েছেন। পাশাপাশি করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয়কে সাহায্য করার জন্য মরিসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। এর আগে সিঙ্গারা তৈরি তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয়দের মন জয় করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই সিঙ্গারার নাম দিয়েছিলেন ‘স্কোমোসো’।
এছাড়া এদিনের ভিডিও বৈঠকে’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদীকে জানান, “চাহিদা ও মূল্যবোধের নিরিখে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক খুবই মজবুত। আমাদের বন্ধুত্ব আরও মজবুত করার জন্য অপরিসীম সুযোগ রয়েছে। এই সুযোগকে বাস্তবে পরিণত করাটাই চ্যালেঞ্জ।” মরিসনের সঙ্গে সহমত হয়ে তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে অস্ট্রেলিয়ায় করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news