চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
সরকারি নির্দেশ উপেক্ষা করে সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur) একটি স্কুলের তালা দিব্যি খুলে গেল। দশম শ্রেণির পড়ুয়ারা ক্লাসও করলেন সেখানে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেছে স্কুল শিক্ষাদপ্তর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হাটসরবেড়িয়া বিধানচন্দ্র রায় হাই স্কুলে। জানা গিয়েছে, গত সোমবার রীতিমতো দশম শ্রেণির ক্লাস হয়ে গেল। পড়ুয়ারা সোশ্যাল ডিসট্যান্সিং মেনে, মাস্ক পরেই ক্লাস করলেন। শিক্ষক-শিক্ষিকারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি নিয়ম-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল খুলে ক্লাস করানোর সিদ্ধান্ত কেন? প্রধান শিক্ষক জানিয়েছেন, অভিভাবকরা নাকি অনেকদিন ধরে স্কুল খোলার জন্য চাপ দিচ্ছিলেন। সেই চাপের মুখে পড়ে স্কুলের পরিচালন কমিটি সিদ্ধান্ত নেয়, স্কুল খোলা হোক, দশম শ্রেণির ক্লাস শুরু করার।
এই খবর রাজ্যের শিক্ষাদপ্তরে পৌঁছতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষককে শোকজের চিঠি পাঠানো হয়। তলব করা হয় স্কুল ইন্সপেক্টরকেও।স্কুল ইন্সপেক্টর অবশ্য জানিয়েছেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। শীঘ্রই প্রধান শিক্ষকের শোকজের চিঠির জবাব স্কুল শিক্ষা দপ্তরে জমা দেওয়ার কথা তাঁর। এই অবস্থায় অভিভাবকদের মনোভাব নিয়ে প্রশ্ন উঠছে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে সেই মার্চ থেকে বন্ধ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেপ্টেম্বরেও স্কুল, কলেজ খোলা হবে কি না, তা নিয়ে এখনও দ্বিধায় কেন্দ্রীয় সরকার। যদিও পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য অনলাইন ক্লাস চলছে। পশ্চিমবঙ্গে স্কুলের ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষাও বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, পরিস্থিতি বুঝে ৫ সেপ্টেম্বর থেকে কঠোর নিয়ম মেনে স্কুল খোলা হতে পারে। তবে এখনও তা চূড়ান্ত নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news