চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অাগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্পস্ট জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। রবিবার নাকতলার বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেছেন, “৩০ জুন পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কারণ পরীক্ষা বা পঠন-পাঠনের আগে আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ভালো রাখা প্রাধান্য পায়। তাছাড়া, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষা কর্মীদের শরীর ভালো রাখা জরুরি। তাই তাঁদের স্বাস্থ্য ভালো রাখার পরেই এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষা দপ্তরের (Education Department) সর্বস্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে বলেও দাবি করেছেন বেহালা পশ্চিমের বিধায়ক।
এ দিন উচ্চমাধ্যমিকের বাকী তিন পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ সামাজিক দূরত্ব বিধি মানার জন্য পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে। পরীক্ষার্থীদের বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এবার থেকে পরীক্ষাকেন্দ্র মাস্ক, হাত স্যানিটাইজ করা সামাজিক দূরত্ব বিধি মানা বাধ্যতামূলক। পড়ুয়ারা নিজেদের পেন নিজেরাই ব্যবহার করবে।” তিনি আরও বলেন, “স্কুল, কলেজ সর্বত্র ব্যবহার করতে হবে স্যানিটাইজার। কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগ আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।” স্থগিত থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে একজন করে বেঞ্চে বসিয়ে পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি। পার্থ চট্টোপাধ্যায় অারও জানিয়েছেন, রাজ্যে প্রায় সাত হাজার স্কুল এবং কলেজে পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়রান্টিন সেন্টার করা হয়েছে। সেই কারণেও স্কুল কলেজগুলি খুলতে সমস্যা হবে বলেও বুঝিয়ে দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সরকারের লকডাউন ঘোষণার সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘‘রাজ্যর সঙ্গে কোনও সমন্বয় রাখা হয়নি।” লকডাউন পরবর্তী পরিস্থিতি কীভাবে আবারও শিক্ষাঙ্গনগুলিকে স্বাভাবিক ছন্দে ফেরানো যেতে পারে, সে বিষয়ে ভাবনাচিন্তা চলছে। তবে রাজ্য সরকারগুলিকে কোনওরকম আগাম সংবাদ ছাড়াই লকডাউন ঘোষিত হওয়ায় সমস্যা হয়।” কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও পড়াশোনার বিষয় কর্তৃপক্ষই দেখবে বলে জানান তিনি। ৩০ পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়েগুলি বন্ধ থাকলেও তাদের প্রশাসনিক বিভাগ খোলা থাকবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েরগুলি কবে খোলা হবে সেক্ষেত্রে তাদের প্রশাসনিক বিভাগের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news