নীল রায়।
অভিনেতা মিঠুন চক্রবর্তীর মতোই এবার সারদাকাণ্ডে টাকা ফেরত দিতে চেয়ে ইডিকে চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সংসদের বাদল অধিবেশনে ব্যস্ত এই অভিনেত্রী সাংসদ সম্প্রতি এই চিঠি পাঠিয়েছেন এনফর্সমেন্ট ডিরেক্টোরেটে। সূত্রের খবর, ওই চিঠিতে শতাব্দী রায় জানিয়েছেন, সারদা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টিডিএস কেটে মোট ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। যদিও মূল চুক্তির পরিমাণ ছিল ৪২ লক্ষ টাকা। এইসব তথ্যের উল্লেখ করে সরাসরি ২৯ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তবে আগামী ৭ আগস্ট সংসদের অধিবেশন শেষ হলেই তিনি ইডির সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান বলে চিঠিতেই জানিয়েছেন শতাব্দী। সারদা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই অর্থ পেয়েছিলেন তা ওই চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
এর আগে অভিনেতা মিঠুন চক্রবর্তীও সারদা থেকে পাওয়া টাকা ফিরিয়ে দিয়েছেন ইডিকে। চিঠিতে মিঠুন চক্রবর্তীর অর্থ ফিরিয়ে দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ। ঘটনাচক্রে মিঠুন চক্রবর্তী তৃণমূলের টিকিটে ২০১৪ সালে রাজ্যসভায় সদস্য হয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করেন। তারপর থেকে তৃণমূলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই বললেই চলে। অপরদিকে শতাব্দী ২০০৯ সাল থেকে টানা বীরভূমের সংসদ সদস্য তৃণমূলের প্রতীকে। সারদা কেলেঙ্কারির জেরে শতাব্দী রায়কেও একাধিকবার সিবিআইয়ের সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি তাঁকে জেরা করার উদ্দেশ্যে আবারও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু জেরার সম্মুখীন হওয়ার আগেই ইডিকে চিঠি দিয়ে টাকা ফেরত দেওয়ার প্রস্তাব পাঠালেন এই অভিনেত্রী সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news